'সুপারস্টার' কোহলির প্রশংসায় খুশি আমির

শেষ হাসিটা শেষ পর্যন্ত বিরাট কোহলিই হেসেছেন। তবে আরেকটু হলেই মোহাম্মদ আমির সেই হাসিটা প্রায় কেড়ে নিয়েছিলেন। ম্যাচ শেষে সেদিন কোহলি উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন পাকিস্তানি ফাস্ট বোলারের। এবার আমিরও জানাচ্ছেন, কোহলির প্রশংসা পাওয়া তাঁর কাছে বিশেষ কিছু।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তান অলআউট হয়ে গিয়েছিল ৮৩ রানেই। শেষ পর্যন্ত ম্যাচটা ভারত ৫ উইকেটে জিতেছে বটে, কিন্তু তার আগে অনেক ঘাম ঝরাতে হয়েছে। ৮ রানে ৩ উইকেট ফেলে দিয়ে আমির তো কাঁপিয়েই দিয়েছিলেন। এরপর কোহলি এসে হাল ধরেন, ৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান।
ম্যাচ শেষে কোহলি সেদিন স্বীকার করেছিলেন, আমির তাঁদের ভয়ই ধরিয়ে দিয়েছিলেন। কোহলি জানিয়েছেন, সেদিন মাঠেই আমিরকে সেই মুগ্ধতার কথাও জানিয়েছিলেন।
এবার আমিরও সেই মুগ্ধতাটা কোহলিকে ফিরিয়ে দিলেন, ‘কোহলির প্রশংসা আমার মন ভরিয়ে দিয়েছে। ও যা বলেছে, সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আপনার এ রকম কিছু উৎসাহই দরকার। বিশেষ করে তাঁর মতো সুপারস্টারের কাছ থেকে যখন এমন কিছু শোনা যায়, সেটা আসলেই অনেক কিছু। এমনকি ম্যাচ শুরুর আগেও ও আমাকে উৎসাহ দিয়েছিল।’
আমির কিন্তু কোহলির প্রশংসার একটা উল্টো দিকও দেখছেন, ‘এক দিক দিয়ে এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ। এখন আমাকে প্রমাণ করতে হবে আমি এই প্রশংসার যোগ্য।’
কোহলি শেষ পর্যন্ত হাসিটা কেড়ে নিলেও আমির সেটা মনে রাখছেন না। তিনিই বরং মুগ্ধ কোহলি এত দারুণভাবে চাপ সামলে নেওয়ায়, ‘পরিস্থিতি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল ও। ঘাবড়ে না গিয়ে রান করে গেছে। অন্য অনেক ব্যাটসম্যান হলে ওই অবস্থায় চাপের মুখে ভেঙে পড়ত, কিন্তু কোহলি অসাধারণ বলেই ম্যাচটা বের করে নিয়েছে। ও আসলেই বিশ্বমানের ব্যাটসম্যান।’