'সেই চাপ নিতে চাচ্ছি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎই যেন দৃশ্যপট থেকে উধাও মুমিনুল হক। বাংলাদেশ একের পর এক আন্তর্জাতিক ম্যাচ খেলছে, কিন্তু কোথাও নেই এই বাঁহাতি ব্যাটসম্যান। আরও অদ্ভুতুড়ে হলো টানা ১১ টেস্টে ফিফটি করা ব্যাটসম্যানের অভাব কেউ যেন অনুভব করছেন না। করবেই বা কীভাবে, গত সাত-আট মাসে বাংলাদেশ যে শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টিই খেলে বেড়াল! আর ক্রিকেটের এই দুই সংস্করণেই যে ব্রাত্য বানিয়ে রাখা হয়েছে তাঁকে।
মুমিনুল তাঁর কাজ করে গেছেন। বিসিএলে একটি সেঞ্চুরি ও ৪টি ফিফটি করেও অবশ্য এশিয়া কাপ ও বিশ্বকাপ টি-টোয়েন্টির কারণে প্রচারের আলো কাড়তে পারেননি। তাতে হতোদ্যম না হয়ে মুমিনুল নিজের ফর্মটা টেনে নিয়ে এলেন ঢাকা প্রিমিয়ার লিগেও।
প্রথম চার ম্যাচে ১৩, ৬৭, ৩৫ ও ২০ রানের পর কাল ফতুল্লায় ১০৪ রানের ঝলমলে এক ইনিংস। স্ট্রাইক রেট ঠিক ১০০। মুমিনুল চাচ্ছেন এ রকম স্ট্রাইক রেটের ইনিংস খেলেই সীমিত ওভারের ক্রিকেটে নিজের দাবিকে তুলে ধরতে, ‘চেষ্টা করছি স্ট্রাইক রেট যাতে ১০০ এর কাছাকাছি থাকে। কখনো সফল হচ্ছি, কখনো পারছি না। আজ পেরেছি।’
তবে এখনই বাংলাদেশের ওয়ানডে দলে ফেরার চিন্তা করছেন না বলেই তাঁর দাবি, ‘আমি এখনই ওয়ানডে নিয়ে ভাবছি না। আমার সব চেষ্টাই এখন স্ট্রাইক রেট ৮০-৯০ এর ওপরে রাখার। এ রকম খেলতে থাকলে একসময় হয়তো নির্বাচেকরা আমাকে বিবেচনা করবেন। এখনই দলে ঢুকতে হবে, সেই চাপ নিতে চাচ্ছি না।’
গ্রীষ্মের প্রচণ্ড গরমে দীর্ঘ সময় ধরে ব্যাটিং, শরীরের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে মনকেও। লিগ শুরুর আগে ফিটনেস নিয়ে কাজ করাটা কাজে লেগেছে বলেই মনে করছেন মুমিনুল, ‘যেহেতু গরমে খেলা, তাই লিগের আগে ফিটনেস নিয়ে খুব কাজ করেছি। ট্রেনার তুষার ভাই খুব সাহায্য করেছেন। সেই পরিশ্রমের সুফল পাচ্ছি এখন, এটা আমাকে মানসিকভাবেও শক্ত করেছে।’
মুমিনুল আশাবাদী নিজের দল নিয়েও। লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডানকে ফেবারিট মানলেও তাঁর বিশ্বাস, শিরোপার লড়াইয়ে থাকবে তাঁর দল ভিক্টোরিয়াও।