সেই ভুল আর করতে চায় না দক্ষিণ আফ্রিকা। কথাটা বললেন ‘সেই ভুলের’ই এক কুশীলব ডেল স্টেইন। কিন্তু কী সেই ভুল, যেটির কথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে সেঞ্চুরিয়নে শুরু তিন টেস্টের সিরিজের আগে মনে পড়ে গেল দক্ষিণ আফ্রিকান পেসারের?
২০০৭-এর ডিসেম্বর। প্রথম ইনিংসে শিবনারায়ণ চন্দরপলের লড়াকু সেঞ্চুরি আর মারলন স্যামুয়েলসের ৯৪ রানের সৌজন্যে সেন্ট জর্জেস পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৮ রানের বিশাল জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। যে জয়কে দক্ষিণ আফ্রিকা মনে করে প্রতিপক্ষের হাতে নিজেদের তুলে দেওয়া এক ‘উপহার’। স্টেইনের কণ্ঠে এখনো আফসোস, ‘আমরা এমন একটা দলের কাছে হেরেছিলাম, সবাই বলেছিল আমাদেরই যাদেরকে হারানো উচিত। ওই ভুলটা দ্বিতীয়বার করতে চাই না আমরা।’
ওয়েস্ট ইন্ডিয়ানরা অবশ্য ওই টেস্টের স্মৃতিই বারবার রোমন্থন করতে চাইবে। দক্ষিণ আফ্রিকায় ১২টি টেস্ট খেলে এখন পর্যন্ত জয় যে ওই একটাই! তার ওপর এবারের সফরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আসেননি ড্যারেন ব্রাভো। চোটের কারণে নেই ক্রিস গেইলও। চল্লিশোর্ধ্ব চন্দরপল আর প্রস্তুতি ম্যাচে ডাবল সেঞ্চুরি করা স্যামুয়েলসের বাইরে প্রেরণা সাত বছর আগের ওই জয়টাই।
তবে ইতিহাসের বাকিটা যেহেতু দক্ষিণ আফ্রিকারই পক্ষে, হাশিম আমলাও তাঁর নতুন শুরুটাকে মোড়াতে চাইবেন সাফল্য দিয়ে। ‘নতুন শুরু’ মানে দেশের মাটিতে টেস্টে নেতৃত্ব দেওয়া। আমলার নেতৃত্বে এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েতে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। আমলা নিশ্চয়ই এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও সেটাই চাইবেন। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের মতো স্বাগতিক দলেও অনুভূত হতে পারে কারও কারও অনুপস্থিতি। গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস তো অবসরেই চলে গেছেন। হাঁটুর চোটের কারণে পুরো সিরিজই মিস করতে পারেন জেপি ডুমিনি। তাঁর জায়গায় টেস্ট অভিষেক হতে পারে বাঁহাতি স্টিয়ান ফন জিলের। এএফপি, ক্রিকইনফো।