'সেঞ্চুরি করলে অবশ্যই ভালো লাগে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলে উপেক্ষিত অনেক দিন ধরে। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাই নাসির হোসেনের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার স্মৃতি। আরও একটি হতাশার খবর যোগ হয়েছে কদিন আগে, বাদ পড়েছেন বিসিবির চুক্তি থেকেও।
তবে নাসিরকে দেখে বোঝার উপায় নেই কী কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মুখে হাসি, সতীর্থদের সঙ্গে স্বভাবসুলভ রসিকতা—তাঁর অন্তর্দহন বোঝা কঠিন! তবে নাসির যে দুঃসময়কে পেছনে ফেলতে প্রাণপণ চেষ্টা করছেন তাঁর ব্যাটিংয়ে তা পরিষ্কার।
ডিসেম্বরে জাতীয় লিগে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, রংপুরের হয়ে ৩ ম্যাচে ১০৯.৩৩ গড়ে করেছেন ৩২৮ রান। শুধু বড় দৈর্ঘ্যের ক্রিকেটেই নয়, নাসিরের ব্যাট হাসছে সীমিত ওভারের ক্রিকেটেও। সর্বশেষ কক্সবাজারে ইমার্জিং টিমস এশিয়া কাপে তাঁর অপরাজিত ১০৯ রানের সৌজন্যে নেপালের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে দারুণ এক জয়। নাসির ছন্দটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। কাল মোহামেডানের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি। চাপের মুখে দুর্দান্ত এক ইনিংস খেলে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জিতিয়ে ফিরেছেন।
ম্যাচ ‘ফিনিশ’ করে আসায় নাসিরের চোখেমুখে তৃপ্তি, ‘সেঞ্চুরি করলে অবশ্যই ভালো লাগে। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ, শুরুটা ভালো হয়েছে। চিন্তা ছিল খেলাটা শেষ করে আসার, সেটা পেরেছি।’
পরিস্থিতির দাবি মেনে শুরুতেই ধৈর্যশীল ব্যাটিং করেছেন, পরে চড়াও হয়েছেন বোলারদের ওপর। কামরুল-শুভাশিস-মিরাজ-তাইজুল-রহমত শাহ-এনামুল জুনিয়রদের নিয়ে গড়া মোহামেডানের শক্তিশালী বোলিং আক্রমণ রুখে দিয়েছেন দারুণ ব্যাটিংয়ে। নাসিরের উড়িয়ে মারা শট কিংবা দৃষ্টিনন্দন পুল দেখে সালাউদ্দিনকে কেউ একজন প্রশ্ন করল, নাসির কি কাটিয়ে উঠেছেন ফাস্ট বোলিংয়ের বিপক্ষে দুর্বলতা? গাজী গ্রুপের কোচের মুখে হাসি।
নাসির অনেক দিন ধরেই নিজের দুর্বলতা নিয়ে কাজ করছেন সালাউদ্দিনের সঙ্গে। কোচের হয়ে উত্তরটা পরে তিনিই দিয়েছেন, ‘অনুশীলন সব সময়ই করি। কিছু সময় থাকে পুল কিংবা এ ধরনের শট খেলা যায় না। আজ আমি নিশ্চিত হয়েই সব শট খেলেছি। এটা নিয়ে সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজও করছি।’
বিসিবির কোনো নির্বাচক এদিন ছিলেন না বিকেএসপিতে। নাসিরের অসাধারণ ইনিংসটা তাই স্বচক্ষে দেখা হয়নি তাঁদের। এ নিয়ে নাসিরের সতর্ক জবাব, ‘আমার কাজ হচ্ছে খেলা। শুরুটা ভালো হয়েছে, চেষ্টা করব সামনেও ছন্দটা ধরে রাখতে।’