প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ উইকেট নেওয়ার পরের ইনিংসেই ২০০ রানের বেশি দেওয়া। নতুন রেকর্ডই করে ফেললেন ইয়াসির শাহ। পাকিস্তানি লেগ স্পিনারের আগে টেস্টে ১০ উইকেট নেওয়ার পরের ইনিংসে সর্বোচ্চ ১৯৯ রান দিয়েছিলেন জিম্বাবুয়ের রেমন্ড প্রাইস। টেস্টে বোলিংয়ে ‘ডাবল সেঞ্চুরি’ করা ২৭তম বোলার ইয়াসির। এই সাতাশের দুজন ভিনু মানকড় ও সাকলায়েন মুশতাক আবার ‘ডাবল সেঞ্চুরি’ করেছেন দুবার করে। ইনিংসে সবচেয়ে বেশিবার ১০০ রানের বেশি দিয়েছেন এমন বোলারদের তালিকায় অবশ্য প্রথম তেইশেও নেই সাকলায়েন-মানকড়ের নাম। যেখানে ৬১টি ‘সেঞ্চুরি’ নিয়ে সবার ওপরে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি মুত্তিয়া মুরালিধরন। তালিকার প্রথম ছয়টি স্থানই স্পিনারদের দখলে। ৩১ বার ১০০ রানের বেশি দিয়ে পেসারদের মধ্যে সবার ওপরে ইংল্যান্ডের ইয়ান বোথাম।