'সেঞ্চুরি'র পথে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেটিং পয়েন্টে প্রথমবারের মতো ‘সেঞ্চুরি’র দ্বারপ্রান্তে মাশরাফির দল। ছবি: প্রথম আলো
রেটিং পয়েন্টে প্রথমবারের মতো ‘সেঞ্চুরি’র দ্বারপ্রান্তে মাশরাফির দল। ছবি: প্রথম আলো

ওয়ানডেতে সেরা সময় পার করছে বাংলাদেশ। গত আট মাসে দেশের মাটিতে টানা চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে একবারই টানা চারটি সিরিজ জিতেছিল লাল-সবুজের দল, ২০০৯ সালে। চার সিরিজের তিনবার প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে ও একবার ওয়েস্ট ইন্ডিজ। তবে সেবার ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল তাঁদের দ্বিতীয় সারির দল নিয়ে। এবারও জিম্বাবুয়ে আছে এ তালিকায়। তবে অন্য তিনটি দল বিশ্ব ক্রিকেটের বড় নাম—পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

গত কিছুদিন ধরেই বাংলাদেশের সাফল্যের প্রতিফলন পড়ছে র‍্যাঙ্কিংয়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে বাংলাদেশ। রেটিং পয়েন্ট এখন ৯৬। রেটিং পদ্ধতি চালু হওয়ার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট কখনো ১০০ পার হয়নি। রেটিং পয়েন্টে প্রথমবারের মতো ‘সেঞ্চুরি’র দ্বারপ্রান্তে মাশরাফির দল।
সিরিজের শেষ ম্যাচ জয়ের পর বাংলাদেশ এখন সপ্তম অবস্থানে। ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ৯৮। একটুর জন্য র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে ওঠা হলো না বাংলাদেশের। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে সহযোগী দুই দেশ আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষেই কেবল জিতেছিল ইংলিশরা। সেই ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে ৩-২ এ সিরিজ হারিয়ে দিল কদিন আগে। আসলে বিশ্বকাপের পর থেকে পরিবর্তনের হাওয়া লেগেছে ইংলিশ দলে। সাম্প্রতিক সময়ে ইংলিশদের আক্রমণাত্মক ক্রিকেটের কাছেই হেরেছে কিউইরা। নিউজিল্যান্ড সিরিজটি জিতলে র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকতে পারত বাংলাদেশ।
এ বছর বাংলাদেশের সূচিতে আর কোনো ওয়ানডে নেই । ফলে র‍্যাঙ্কিংয়ের এ উত্থান ধরে রাখাটা বাংলাদেশের জন্য কষ্টদায়কই হবে। আর রেটিং পয়েন্ট সেঞ্চুরিতে রূপ দিতে অপেক্ষা করতে হবে আগামী জানুয়ারি পর্যন্ত।