'সেরা' দলেও থাকবে চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে এশিয়া কাপের ট্রফি উঁচিয়ে ধরলেন চার অধিনায়ক আমজাদ জাভেদ, লাসিথ মালিঙ্গা, মহেন্দ্র সিং ধোনি ও মাশরাফি বিন মুর্তজা। পাকিস্তান দল এখনো আসেনি বলে কাল এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না শহীদ আফ্রিদি l ছবি: প্রথম আলো
একসঙ্গে এশিয়া কাপের ট্রফি উঁচিয়ে ধরলেন চার অধিনায়ক আমজাদ জাভেদ, লাসিথ মালিঙ্গা, মহেন্দ্র সিং ধোনি ও মাশরাফি বিন মুর্তজা। পাকিস্তান দল এখনো আসেনি বলে কাল এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না শহীদ আফ্রিদি l ছবি: প্রথম আলো

সংবাদ সম্মেলনে প্রশ্নটা শুনে প্রথমে খুব গম্ভীর হয়ে গেলেন। কিন্তু গাম্ভীর্য ধরে রাখতে পারলেন কই! ফিক করে হেসে দিয়ে বললেন, ‘এতটুকু নিশ্চিত করে বলতে পারি, দলে ১৫ জন ক্রিকেটারই খেলার অবস্থায় আছে। পরিকল্পনা বলে দেওয়াটা কঠিন। দল নিয়ে চিন্তা করেছি, কিন্তু এখানে তা বলতে পারছি না।’
ম্যাচের আগের দিন পরিকল্পনাসহ একাদশ জানিয়ে দেওয়া ক্রিকেট ইতিহাসেই বিরল। মাশরাফি বিন মুর্তজাই বা ব্যতিক্রম হবেন কেন! ভারত ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক কেন বলে দেবেন, ‘আমরা অমুক অমুক খেলোয়াড়দের নিয়ে এই এইভাবে ম্যাচ জয়ের পরিকল্পনা করছি’? তবে ম্যাচের আগে যা আভাস, তা সত্যি হলে আজ বাংলাদেশের একাদশ ও ব্যাটিং অর্ডারে বড় চমক থাকতে পারে। সাধারণ ধারণার ​সঙ্গে নাও মিলতে পারে বাংলাদেশ দলের চেহারা।
জিম্বাবুয়ে সিরিজজুড়েই আলোচনার বিষয় ছিল দল নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরীক্ষা-নিরীক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়ে যাওয়ায় এশিয়া কাপে সেটার প্রয়োজন নেই। কাল মাশরাফিও বলছিলেন, ‘এখন আমরা এমন একটা টুর্নামেন্টে যাচ্ছি, যেটা বিশ্বকাপের জন্যও গুরুত্বপূর্ণ। এখানে পরীক্ষার কোনো সুযোগ নেই।’ তবে হাতে ১৫ খেলোয়াড় রেখেও যে চমকে দেওয়ার মতো একাদশ করা যেতে পারে, তা নাকি এই এশিয়া কাপেই দেখা যাবে।

আজ ভারতের বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশ খেলানোরই সিদ্ধান্ত নিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে ‘সেরা’ একাদশ মানে শুধুই বাংলাদেশ দলে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের নিয়ে গড়া একাদশ নয়। খুলনা ও চট্টগ্রামের প্রস্তুতি পর্বে যাঁদের ব্যাটিং-বোলিংয়ে ভালো কিছুর সম্ভাবনা ঝিলিক দিয়েছে, তাঁদেরই ধরা হচ্ছে এই মুহূর্তের ‘সেরা’ খেলোয়াড়। ওপেনিং জুটিতে তামিম ইকবালের অনুপস্থিতিতে যেমন সৌম্য সরকারের সঙ্গী হওয়ার দৌড়ে কাল পর্যন্ত এগিয়ে ছিলেন মোহাম্মদ মিঠুন। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র দুটি, সর্বশেষটিও দেড় বছর আগে। তারপরও বিপিএলে দারুণ খেলা ইমরুল কায়েসকে তিনি পেছনে ফেলে দিচ্ছেন প্রস্তুতি পর্বের পারফরম্যান্স দিয়েই।

গত বছরের জুনে অভিষেকের পর থেকেই বাংলাদেশের বোলিংয়ে বড় এক অস্ত্রের নাম মুস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দেওয়ার শুরুও গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেই। আবার যখন সামনে ভারত, তাঁকে নিয়েই তাই বেশি আলোচনা। সঙ্গে একটা গোপন শঙ্কাও আছে। বিপিএল থেকেই কাটার মারতে গিয়ে বাঁ হাতের মাংসপেশিতে ব্যথা অনুভব করছেন মুস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে তো খেললেনই না। পুনর্বাসন-প্রক্রিয়া শেষে চট্টগ্রামের অনুশীলন পর্বে বোলিংয়ে ফিরলেও সমস্যাটা রয়ে গেছে এখনো।

তাই বলে মুস্তাফিজ বল করবেন আর স্লোয়ার-কাটার মারবেন না, তাই কি হয়! তা ছাড়া অনুশীলনে তাঁর কাটার-স্লোয়ার ছাড়া বলগুলোকে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছেই মনে হয়েছে নির্বিষ। এক ক্রিকেটার তো এমনও বললেন, ‘খেললে তো মুস্তাফিজকে কাটার মারতেই হবে। নয়তো ওকে খেলিয়ে লাভ নেই। ওটাই তার আসল অস্ত্র।’ মুস্তাফিজ তাই ব্যথা-বেদনা নিয়েও কাটার-বিষ ছুড়ে যাবেন। সে জন্য যদি ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামতে হয়, তাই সই।

দলের ভেতরকার সমস্যাগুলো তবু এভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা যায়। কিন্তু বাইরের শক্তিকে নিয়ন্ত্রণ করতে মাঠে ভালো খেলার বিকল্প নেই। কখনো কখনো বিরুদ্ধ পরিস্থিতি থেকেও খুঁজে নিতে হয় ভালো কিছু। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার একটা ভালো দিক যেমন খুঁজে পেয়েছেন অধিনায়ক মাশরাফি, ‘আমার মনে হয়, এতে ভালোই হয়েছে। আল্লাহ না করুন, প্রথম ম্যাচে খারাপ কিছু করে ফেললে আবার সুযোগ পাব ভালো করার। আর শুরুটা ভালো হলে তো পুরো দলই আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’

আজ সেই ভালো শুরুর আশায়ই থাকবে বাংলাদেশ!

এই এশিয়া কাপে

১০০০

এক হাজার রানের মাইলফলক ছুঁতে ভারতের যুবরাজ সিংয়ের ৭ রান, ধোনির ৯০ রান, বাংলাদেশের সাকিব আল হাসানের ১০৩ রান দরকার।

১০০

২৯ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম দল হিসেবে শততম ম্যাচ খেলবে পাকিস্তান। প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট পেতে শহীদ আফ্রিদির দরকার ৯ উইকেট।