'স্টেইন-গান' নাকি 'স্লিংগার'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন
ডেল স্টেইন

অনুমিতভাবেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে পেসারদেরই প্রাধান্য। হোক ব্যাটিংবান্ধব সব নিয়ম, ইনিংসে চার শ রানের নিয়মিত ঘটনা দেখতে থাকুক ম্যাচগুলো, ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি—তবু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পেসারদের দিয়েছে অনেক। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দশ উইকেট শিকারির আটজনই পেসার। পেস বোলিংয়ের এই কঠিন দিনগুলোতে এটা কম কিসে!
অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ১৬ উইকেট নিয়ে শীর্ষে, আছেন স্কটল্যান্ডের জশ ডেভির (১৫) মতো অখ্যাত বোলারও। নেই শুধু কাঙ্ক্ষিত দুটি নাম। ডেল স্টেইন ও লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে যে এখনো সেভাবে জ্বলে উঠতে পারেননি সময়ের সেরা দুই পেসার।
দুজনেই যে খারাপ করেছেন খুব, তা বলা যাবে না। ছয় ম্যাচে স্টেইন নিয়েছেন ৯ উইকেট, মালিঙ্গা পেয়েছেন ১১ উইকেট। বুলেটের মতো গতি আর তীক্ষ্ণতার জন্য স্টেইনকে ডাকা হয় ‘স্টেইন-গান’, আর সাইড-আর্ম অ্যাকশনের কারণে মালিঙ্গার নামই হয়ে গেছে ‘স্লিংগার’। তবে নাম দুটির প্রতি ‘সুবিচার’ কি করেছেন দুজন?

লাসিথ মালিঙ্গা
লাসিথ মালিঙ্গা


এই বিশ্বকাপের শীর্ষ আট পেসার গড়ে প্রতি উইকেট নিতে খরচ করেছেন ১৬.৯২ রান, স্টেইনের গড় সেখানে ২৮। মালিঙ্গার আরেকটু বেশি, ২৮.২৭। স্ট্রাইক রেটেও পেসারদের সঙ্গে ব্যবধানটা দুজনেরই বেশি। অন্যরা প্রতি ২১.১৬ বলেই উইকেট নিয়েছেন। স্টেইনের লেগেছে ৩৫.৩ বল, মালিঙ্গার অবশ্য একটু কম, ৩১.৪।
স্টেইন গ্রুপ-পর্বের সব ম্যাচ মিলিয়ে মোটামুটি ‘ধারাবাহিক’ ছিলেন। উইকেটশূন্য থাকেননি এক ম্যাচেও, ষাটের ওপরে রান দিয়েছেন একবার। কিন্তু পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচে ৩০ রানে ৩ উইকেটের ‘সেরা-ফিগার’ তৃপ্তি মেটাতে পারছে কই! সেই তুলনায় মালিঙ্গা শুরুর ‘বিভীষিকা’ কাটিয়ে উঠেছেন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ১০ ওভারে ৮৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়েই ফিরে এসেছেন, ছন্দ ফিরে পেতে সময় লাগাটা স্বাভাবিক। তবে স্টেইনের মতো মালিঙ্গাকে নিয়েও আক্ষেপটা একই, কই সেই ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়া স্পেল!
আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুজনই। চলতি বিশ্বকাপে এসসিজিতে তিন ম্যাচে গড়ে প্রতি ওভারে রান উঠেছে ৬.২৩। সিডনির উইকেটটা এই সময়ে ব্যাটিংবান্ধবই হয়ে ওঠে। ম্যাচে তাই পার্থক্য গড়ে দিতে পারেন বোলাররাই। একটা ভালো স্পেল বদলে দিতে পারে হিসাব-নিকাশ।
ডেল উইলেম স্টেইন বা সেপারামাদু লাসিথ মালিঙ্গা, কারও হাত থেকে কি আজ বেরোবে এমন ‘ধ্বংসাত্মক’ কোনো স্পেল? এ ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপকে বিদায় জানাতে হবে একজনকে। একজনের বিদায়বেলাটায় অন্যজন কি পারবেন নিজের রঙে রাঙিয়ে দিতে, কেড়ে নিতে সিডনির সব আলো!