'স্টোকস-কাণ্ডে' উত্তপ্ত ক্রিকেট

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। লর্ডসে ইংল্যান্ডকে ৬৪ রানে রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। কিন্তু সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কেবল বেন স্টোকস। গতকাল ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগে আউট দেওয়া হয় স্টোকসকে। এই আউট নিয়েই এখন সরগরম ক্রিকেট দুনিয়া। বলা চলে এই একটি আউটেই বিভক্ত হয়ে গেছে ক্রিকেট বিশ্ব।
‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট ক্রিকেটের বিরলতম কিছু ঘটনার একটি। ওয়ানডের ৪৪ বছরের ইতিহাসে মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে স্টোকস এভাবে আউট হলেন। ইংল্যান্ড ইনিংসের ২৬ তম ওভারের ঘটনা এটি। মিশেল স্টার্কের একটি বল খেলে ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন স্টোকস। স্টার্ক রান আউটের সুযোগ দেখে স্ট্যাম্পের দিকে বল ছুড়ে মারেন। রান আউটের হাত থেকে বাঁচার জন্য উল্টো দিকে ঝাঁপ দেন স্টোকস। কিন্তু কি বুঝে বলের দিকে একটি হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে আউটের আবেদন জানান অস্ট্রেলীয় খেলোয়াড়েরা। মাঠের দুই আম্পায়ার টিভি আম্পায়ারের শরণাপন্ন হলে আউট ঘোষণা করা হয় স্টোকসকে।
ক্রিকেটের ৩৭ নম্বর আইনের অধীনে স্টোকসকে আউট দেওয়া হয়।
এই আইনে বলা আছে, ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডিং আউট তখনই দেওয়া হবে, যখন একজন ব্যাটসম্যান তাঁর কোনো কথা বা কাজ দিয়ে ফিল্ডিংয়ে বাধা প্রদান করবে। খেলার সময়ে শট খেলে ফেলার পর কোনো ব্যাটসম্যান যদি (১) খালি হাতে বল ধরেন (নিজেকে চোটের হাত থেকে বাঁচানোর সময় ছাড়া) কিংবা (২) শরীরের অন্য কোনো অঙ্গ দিয়ে কিংবা ব্যাট দিয়ে বল আটকান তবে তাঁকে আউট ঘোষণা করা হবে।
কিন্তু স্টোকসের এই আউটে খুশি নয় ইংল্যান্ড শিবির। তাদের দাবি স্টার্কের থ্রোর আঘাতের হাত থেকে বাঁচতেই হাত বাড়িয়েছিলেন স্টোকস। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের অভিমত, স্টোকস ইচ্ছা করে বল আটকাতে হাত বাড়াননি বরং অল্প সময়ে খেলোয়াড়দের রিফ্লেক্সে এমনটা ঘটতেই পারে।
অধিনায়ক এউইন মরগ্যানের বক্তব্যও একই, ‘তাঁর প্রতিক্রিয়া মোটেও ইচ্ছাকৃত ছিল না। মাঠের আম্পায়াররাও আমাকে তাই বলেছিলেন। আপনার দিকে এত দ্রুতগতিতে বল ছুটে আসলে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করবেনই। আমার মতে, সে নিজেকে বাঁচাতে চেষ্টা করছিল এবং ওর হাত বলকে অনুসরণ করে লাইনে চলে গিয়েছিল। আমার মনে হয় না ব্যাপারটা ইচ্ছাকৃত।’
অস্ট্রেলীয় অধিনায়ক স্মিথের ধারণা স্বাভাবিকভাবেই ভিন্ন। তাঁর ধারণা নিজেকে আউটের হাত থেকে বাঁচাতেই স্টোকস এই কাজ করেছেন, ‘ওয়েড (ম্যাথু) ঘটনাটি পরিষ্কার দেখেছে। ও বলল, বলটি স্টোকসের ধারে কাছে ছিল না বরং সোজা স্টাম্পের দিকে যাচ্ছিল। আমরা তাই আপিল করেছি এবং আম্পায়ার আউট দিয়েছেন। আমার মনে হয়েছে সে ইচ্ছে করেই হাত বাড়িয়ে দিয়েছে। আমি খেলাটি যতটুকু বুঝি, এসব ক্ষেত্রে ব্যাটসম্যান আউট হয়।’
ঘটনার এখানেই শেষ নয়। ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান বিতর্কে ঘি ঢেলেছেন আরেকটি মন্তব্য করে। তিনি নাকি স্মিথের জায়গায় থাকলে আবেদন তুলে নিতেন! স্মিথের আচরণ তাঁকে হতাশ করেছে বলেই মন্তব্য তাঁর, ‘আমরা যদি ফিল্ডিংয়ে থাকতাম তবে অবশ্যই ভিন্ন কিছু হতো। স্মিথের জায়গায় আমি থাকলে আপিল প্রত্যাহার করে নিতাম।’
মুখে যা-ই বলুন, ইতিহাস কিন্তু ভিন্ন কিছুই বলে। মরগ্যান আপিল তুলে নিতেন বলছেন, কিন্তু ১৯৮৭ সালে করাচিতে রমিজ রাজাকে একই ধরনের আউটের ফাঁদে ফেলেছিলেন ইংলিশ ফিল্ডাররাই। ২০০৮ সালে ওভালের একটি ওয়ানডেতে রান নেওয়ার সময় নিউজিল্যান্ডের গ্র্যান্ট এলিয়ট ইংলিশ বোলার রায়ান সাইডবটমের সঙ্গে ধাক্কা খেয়ে পিচে পড়ে গেলেও তাঁকে কোনো দয়া দেখাননি সে সময়কার ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউড। নিজেরা যেখানে অন্যের ক্ষেত্রে ভদ্রতার ধার ধারেননি, একই রকম ঘটনায় অন্যরা তাদের প্রতি সদয় হবেন—এমনটা আশা করাই তো বাড়াবাড়ি মরগ্যানের।