'স্পিন-যুদ্ধে'র সিরিজ নির্ধারণী টেস্ট

শেরেবাংলা স্টেডিয়ামে হঠাৎই ফিরে এসেছে সবুজ প্রাণ। ত্রিদেশীয় সিরিজে দেখা মাঠের সেই পোড়-খাওয়া বাদামি বর্ণ কী এক জাদুবলে উধাও! গাঢ় সবুজ ঘাসে যেন একটু বেশিই বুনো ভাব দেখা গেল শুরুতে। মেশিন চালিয়ে ঘাসের ডগা কাটার চলমান প্রক্রিয়ায় ধীরে ধীরে কোমলতা ফুটে উঠছে তাতে।
কিন্তু দিনেশ চান্ডিমাল যে পাহাড় আর সমুদ্রের দেশের মানুষ! সবুজ ক্যানভাসেই তাঁর বেড়ে ওঠা। রশি দিয়ে ঘেরা মিরপুরের এক টুকরো সবুজ আর কতটুকুই টানবে লঙ্কান অধিনায়ককে! তাঁর চোখ শেরেবাংলা স্টেডিয়ামের ২২ গজে এবং সেটির ওপর ঝুলিয়ে দিয়েছেন অদৃশ্য এক প্রশ্নবোধক চিহ্নও। ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতায় চান্ডিমালের মনে হচ্ছে, মিরপুরের উইকেট খুবই বাজে। আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টেও স্পিন এখানে ফণা তুলে নাচবে, নাচাবে ব্যাটসম্যানদের। অতটা নেতিবাচকভাবে না বললেও উইকেট নিয়ে একই ধারণা বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও উইকেট দেখে এই টেস্টে ফলাফল হওয়াটা নিশ্চিত ধরে নিয়েছেন তিনি।
সেই ফলাফল বাংলাদেশের পক্ষে এলে তো কথাই নেই, মাহমুদউল্লাহকে ভুল প্রমাণ করে টেস্টটা ড্র হয়ে গেলেও প্রাপ্তির খাতায় যোগ হবে বাড়তি কিছু। ওয়েস্ট ইন্ডিজকে টপকে উঠে আসা যাবে টেস্ট র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে।
বাংলাদেশ-চন্ডিকা হাথুরুসিংহে-শ্রীলঙ্কা-এই তিনের মধ্যে যোগসূত্র স্থাপন করতে পারে একমাত্র উইকেট। শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভাও শ্রীলঙ্কান বলে সেটি আরও বেশি করে হচ্ছে। হাথুরুসিংহের শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের এই সিরিজে তাই সর্বাধিক আলোচিত বিষয়ও উইকেটই। চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেট নিয়ে অভিযোগ ছিল শ্রীলঙ্কার। ম্যাচ রেফারি ডেভিড বুনের রিপোর্টের ওপর ভিত্তি করে শেষে তো আইসিসির ‘ডিমেরিট পয়েন্ট’ও পেয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ গজ। এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পালা। এ মাঠের আউটফিল্ড আগেই ‘ডিমেরিট পয়েন্ট’ খেয়ে আছে। এবার কি উইকেটও...? উইকেট নিয়ে দুই দলের দুই অধিনায়কের কথাবার্তা শুনেই জাগছে শঙ্কাটা।
মিরপুরে খেলা সর্বশেষ দুই টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। কোনো টেস্টেই খেলা পঞ্চম দিনে যায়নি, হয়েছে লো স্কোরিং ম্যাচ, দাপট ছিল স্পিনারদের। এবারও পথনির্দেশক সেদিকেই। কিন্তু মিরপুরের স্পিন উইকেটে সাকিববিহীন বাংলাদেশের শক্তি বেশি হবে নাকি রঙ্গনা হেরাথ-দিলরুয়ান পেরেরাদের শ্রীলঙ্কার?
উইকেট স্পিনবান্ধব হয়ে উঠলে সিরিজ নির্ধারণী এই টেস্ট হয়ে উঠতে পারে স্পিনারদের লড়াইও। দুই দলের বোলিংয়েই মিশে আছে স্পিন-বিষ। সাকিব নেই তো কী হয়েছে, তাইজুল ইসলামের সঙ্গে বাংলাদেশ দলে অভিজ্ঞ আবদুর রাজ্জাক যে বাঁধতে যাচ্ছেন জুটি! এমন স্পিন মঞ্চ পেয়ে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাকে রাজ্জাক নিশ্চয়ই রাঙাতে চাইবেন সাফল্যের রঙে। অফ স্পিনার মিরাজ তো আছেনই। সাম্প্রতিক সময়ে এই উইকেট সবচেয়ে বেশি তাঁর কথাই শুনেছে।
মুত্তিয়া মুরালিধরনের দেশ শ্রীলঙ্কারও আছেন রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা। লঙ্কান বোলিং আক্রমণে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার হেরাথকে বলতে পারেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। দুজনকে নিয়েই বাড়তি সতর্ক মাহমুদউল্লাহ, ‘তাদের প্রতি অবশ্যই সম্মান রাখতে হবে। হেরাথ অনেক অভিজ্ঞ, দিলরুয়ানও বেশ ভালো মানের বোলার। তারা ও রকম ভালো বোলার বলেই তো ব্যাটিং পিচেও ব্যাটসম্যানদের ভোগান্তিতে ফেলতে পারে।’
চট্টগ্রামে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। মুশফিক, লিটন ঘুরে এসেছেন সেঞ্চুরির দুয়ার থেকে। তামিমও দুই ইনিংসেই ভালো শুরু দিয়েছেন। সব মিলিয়ে নিজের ব্যাটসম্যানদের প্রতি আস্থার অভাব নেই বাংলাদেশ অধিনায়কের। তবে প্রতিপক্ষের মূল অস্ত্রদের নিয়ে সতর্কতা জারি করাও তাঁর কর্তব্য। একইভাবে সাকিবের অভাবটা ঢেকে দিতে যাচ্ছেন অন্যদের উজ্জীবিত করে, ‘সাকিবের অভাব পূরণ করা অবশ্যই চ্যালেঞ্জিং। ও আমাদের অন্যতম চালিকাশক্তি। তারপরও আমাদের স্পিন আক্রমণের ওপর আমার বিশ্বাস আছে। আশা করি তারা ওর (সাকিব) অভাব পূরণ করতে পারবে।’
আঙুলের চোট সেরে না ওঠায় মিরপুর টেস্টেও ফেরানো যাচ্ছে না সাকিবকে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রথম টেস্টে খেলা তরুণ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামও। রাজ্জাক খেলবেন তাঁর জায়গা নিয়েই। দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন হওয়ার কথা আর একটি। মোসাদ্দেক হোসেনের জায়গায় ফিরবেন সাব্বির রহমান।