কী তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ! আপনার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। চরম রোমাঞ্চের রেশ কাটতে না-কাটতেই আপনি শুনলেন, ম্যাচটা ছিল ‘পাতানো’, আপনি যা দেখে রোমাঞ্চিত হলেন, তাতে মিশে ছিল কোনো এক জুয়াড়ির কালো টাকার বিষ! শুনতে খারাপ লাগলেও ক্রিকেটের গায়ে এখন ফিক্সিংয়ের কালিমা। তবে আইসিসি আশ্বস্ত করছে, এই বিশ্বকাপ হবে স্বচ্ছ। ‘দুর্নীতিমুক্ত অথবা দুর্নীতির হুমকিমুক্ত’ একটি টুর্নামেন্ট হবে বলেই আশা তাদের। তবে আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) প্রধান স্যার রনি ফ্ল্যানাগান ‘লাইভ বেটিং’ বা ‘ পিচ-সাইডিং’য়ের আশঙ্কা করছেন। খেলা হওয়া আর তা টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ার মাঝখানে যে কয়েক সেকেন্ডের ব্যবধান, সেটিকেই কাজে লাগায় জুয়াড়িরা। তাতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জুয়াড়িদের চেয়ে এগিয়ে থাকে মাঠে থাকা কেউ। তবে সব জুয়াড়ির সংস্পর্শ থেকেই ক্রিকেটারদের সাবধান থাকতে বলেছেন রনি, ‘আমরা জানি অনেক ঘৃণ্য মানুষ আছে, অপরাধী আছে, যারা খেলোয়াড় কিংবা এই খেলার ওপর প্রভাব আছে, এমন কাউকে বাগে আনার জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করবে।’ জুয়াড়িদের প্রতিরোধে আইসিসি সব দিক দিয়েই সতর্ক বলে জানিয়েছেন তিনি। এএফপি, রয়টার্স।