
হঠাৎই সুযোগ পেয়ে যান ভারত সফরে। আবু জায়েদ ভারতে গেছেন বাংলাদেশ দলের অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। ২৩ বছর বয়সী পেসারকে নেওয়া হয়েছে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য। কাল সকালে রওনা হওয়ার আগে বিসিবি একাডেমি ভবনে জায়েদ জানিয়ে গেলেন তাঁর স্বপ্ন ও লক্ষ্যের কথা
ভারত সফরে আকস্মিক ডাক পেয়ে নিশ্চয়ই চমকে গেছেন?
আবু জায়েদ: ভীষণ চমকে গেছি! একেবারে শেষ মুহূর্তে ডাক পেয়েছি। দল ঘোষণার দিন একজন নির্বাচক ফোন দিয়ে আমার কাছে পাসপোর্ট চাইলেন। বললেন, এক ঘণ্টার মধ্যে পাসপোর্ট পাঠাও। তখন মাত্রই বিসিএল খেলে বগুড়া থেকে সিলেটে নেমেছি। দ্রুত পাসপোর্ট পাঠিয়ে দিলাম। তিনি (নির্বাচক) বললেন, যদি ভিসা হয়ে যায় তোমাকে ভারতে যেতে হবে। কাল (পরশু) সারা রাত জার্নি করে এখন (কাল সকালে) যাচ্ছি হায়দরাবাদে।
এই সফরে আপনার জন্য শেখার কী থাকবে?
জায়েদ: যেহেতু ডেভেলপমেন্ট স্কোয়াডের খেলোয়াড় হিসেবে যাচ্ছি, অনেক কিছু শেখার থাকবে। ওখানে একটা প্রস্তুতি ম্যাচ আছে। চেষ্টা করব ম্যাচটাতে ভালো করতে। জাতীয় দলের পরিবেশের সঙ্গে পরিচয় হয়ে যাবে, যেটি আমাকে সামনে কাজে দেবে।
কিছুদিন ধরে আপনি খুব ভালো বোলিং করছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চারবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন...।
জায়েদ: এখানে ফিটনেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেসারদের অনেক সুযোগ আসে। এবার জাতীয় লিগের শেষ দিকে উইকেট যদিও ভালো ছিল না, ফিটনেস ঠিক রেখে ভালো জায়গায় বোলিং করার চেষ্টা করেছি। জানেনই তো, জাতীয় দলে সুযোগ পেতে হলে আপনাকে এভাবেই তৈরি হতে হবে।
ঢাকা ডায়নামাইটসের হয়ে সর্বশেষ বিপিএলেও দারুণ করেছেন। টি-টোয়েন্টির পরপরই প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো করা কতটা কঠিন ছিল?
জায়েদ: বিপিএলে ভালো করার পর লক্ষ্য ছিল জাতীয় দলে সুযোগ পেতে বড় দৈর্ঘ্যের ক্রিকেটেও অসাধারণ কিছু করব। এবারের বিপিএলটা আমার অনেক কিছু বদলে দিয়েছে। সাঙ্গাকারা-ব্রাভোদের সঙ্গে কথা বলেছি। ব্রাভো (ডোয়াইন) আমাকে বলেছিল, ‘তোমার উচ্চতা আমার মতোই। তুমি সুইং করাতে পারো। এটা ভালো কাজে লাগবে।’ উইকেটের সহায়তা পেলে বল সুইং করাতে পারি, এটাই আমার বোলিংয়ের মূল শক্তি।
আপনার শুরুটা বলুন, ক্রিকেটার হয়ে উঠতে কে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন?
জায়েদ: আমাদের বাড়ি সিলেটের মীরা বাজারে। সাহিত্যিক হুেমায়ূন আহমেদ যে স্কুলে পড়েছেন, সেই কিশোরীমোহন সরকারি স্কুলে আমিও পড়েছি। আমরা তিন ভাই। আমার মেজো ভাই মেহেদী হাসান সিলেট বিভাগের হয়ে খেলেছেন। বাসার সামনে তাঁকে বোলিং করতে করতে আমার বোলার হওয়া।
জাতীয় দলে এখন পেসারদের মধ্যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা। পেসার হিসেবে বাংলাদেশ দলে সুযোগ পাওয়ার চ্যালেঞ্জটা কীভাবে নিচ্ছেন?
জায়েদ: স্বপ্ন দেখি একদিন টেস্ট খেলব। এটা ঠিক, বাংলাদেশে এখন পেস বোলারদের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বিতা। এটা দলের জন্য ভালো। সুযোগ পেতে হলে আপনাকে দুর্দান্ত কিছু করতে হবে। আমি আশাবাদী, একদিন সুযোগ পাব।