ফাইনালে স্বপ্নের শুরু পাকিস্তানের

‘নেলসন’ সংখ্যাটিকেই শুধু হারাতে পারলেন না ফখর জামান।
আজ ভাগ্য যেন দুহাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানি ওপেনারের দিকে। মাত্র তিন রানে জীবন পেয়েছেন, এরপর ব্যাটের কানায় লেগেও বেশ কয়েকবার বল বাতাসে ভেসেছে। কিন্তু ঠিকই নিজের দক্ষতা ও ভাগ্যকে কাজে লাগিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে গেছেন। কিন্তু প্রথম জীবন পাওয়ার পর ঠিক ১১১ রান পরেই আউট হলেন জামান। তাঁর আউটে যতটুকু স্বস্তি ফিরে পেয়েছিল ভারত, সেটি উবে যেতে শুরু করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৯ রান পাকিস্তানের।
আন্তর্জাতিক ক্রিকেট কী, সেটা দুই সপ্তাহ আগেও জানা ছিল না জামানের। আহমেদ শেহজাদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হঠাৎ নামিয়ে দেওয়া হলো তাঁকে। আন্তর্জাতিক অভিষেকেই তাঁর ধুন্ধুমার ৩১ রানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রানরেটে এগিয়ে থেকে জিতল পাকিস্তান। পরের দুই ম্যাচে আর রানরেটে নয়, সরাসরি জেতানোর ভিত্তি দিয়েছেন ইনিংসের শুরুতেই ফিফটি করে।
আজ ফাইনালে অবশ্য সেসবও ছাড়িয়ে গেছেন। ফাইনালের চাপ, ভারতের বিপক্ষে প্রথম খেলার রোমাঞ্চকে থোড়াই কেয়ার না করে একের পর শট খেলেছেন। ৯২ বলেই নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়েছেন, সেটাও কত বড় মঞ্চে! হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে ১০৬ বলে করেছেন ১১৪ রান। ১২টি চার মেরেছেন, সঙ্গে দুই ভারতীয় স্পিনারকে মারা তিন ছক্কা। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে জামান যখন ফিরছেন, পাকিস্তানের রান তখন দুই শ। অথচ দলীয় ৮ রানেই ফিরতে পারতেন জামান।
চতুর্থ ওভারের প্রথম বলে জামানকে মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানালেন বুমরা। ড্রেসিংরুমের দিকে হাঁটাও শুরু করেছিলেন এই ওপেনার। কিন্তু বুমরার পা নিয়ে আম্পায়ার সন্দিহান থাকায়, ভিডিওর সাহায্য নেন। তাতেই ধরা পড়ল ওই নো-বল!
জামানের রান তখন ৩। এরপরই যেন ম্যাচে শুরুর জড়তাও কাটিয়ে ফেলল পাকিস্তান। রান উৎসবের শুরুটাও হয়ে গেল। হাস্যকরভাবে আজহার আলী (৫৯) রান আউট হওয়ায় ১২৮ রানের উদ্বোধনী জুটি থেমে গেলেও খুব সমস্যা হয়নি পাকিস্তানের। জামান ও বাবর আজম ঠিকই রানের চাকা ছুটিয়েছেন।
এখন বাবর আর শোয়েব মালিক মিলে ওভারে আটের ওপর করে রান তুলছেন তৃতীয় উইকেট জুটিতে। আক্রমণে এসেছেন গত ম্যাচে বাংলাদেশকে দারুণ ভিত্তিটাকে অর্থহীন বানিয়ে দেওয়া কেদার যাদব। দেখা যাক এবার কী করেন কেদার!