'স্বার্থপর' কোহলি-ধাওয়ানদের পাশে স্মিথ

প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা, পরের দুই ম্যাচে বিরাট কোহলির দুই সেঞ্চুরির সঙ্গে চতুর্থ ম্যাচে শিখর ধাওয়ানের সেঞ্চুরি—সিরিজে কোনো ম্যাচেই সেঞ্চুরি-বিহীন কাটেনি ভারতের ইনিংস। কিন্তু এখনো জয়ের দেখা পেল না দলটি। তৃতীয় ম্যাচের পর তো অস্ট্রেলিয়ার জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল বলেই ফেলেছেন , ‘ভারতীয় ব্যাটসম্যানরা মাইলফলকের কথা ভেবে খেলে’। এরপর থেকেই আলোচনায় ভারতীয় ব্যাটসম্যানদের ‘স্বার্থপরতা’।
এ নিয়ে কথা বলেছেন মহেন্দ্র সিং ধোনি, রবি শাস্ত্রীরাও। পক্ষে-বিপক্ষে অনেক আলোচনা। কেউ বলছেন, আসলেই ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের সেঞ্চুরির কথা ভেবে খেলেছেন দেখেই দল হেরেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাইলফলকের কাছাকাছি দাঁড়িয়ে থাকায় ভারতীয় ব্যাটসম্যানরা ঝুঁকি কম নিয়েছেন বলেই যতটা স্কোর হওয়ার কথা ছিল, হয়নি। আবার কেউ বলছেন, ব্যাটসম্যানরা সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। ম্যাক্সওয়েলের এমন মন্তব্য করা উচিত হয়নি বলেও মনে করছেন অনেকে।
এবার বললেন স্টিভেন স্মিথও। অস্ট্রেলিয়া অধিনায়ক কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষেই দাঁড়াচ্ছেন। মাইলফলকের কাছাকাছি এলে বিশ্বের যেকোনো ব্যাটসম্যানই একটু ধীরে ব্যাট করেন বলে মন্তব্য স্মিথের।
ম্যাক্সওয়েলের বহুল আলোচিত মন্তব্যের ব্যাপারে স্মিথ বলেছেন, ‘সেটা গ্লেনের মন্তব্য, আমার নয়।’ বরং চতুর্থ ওয়ানডেতে কোহলির ইনিংসের প্রশংসা করে স্মিথ বললেন, ‘বিরাট কোহলি ৮০-টির মতো বল খেলে ১০০ করেছে। এই ইনিংসে স্বার্থপরতা ছিল না। অসাধারণ একটা ইনিংস ছিল এটি।’
প্রশংসা করেছেন ভারতের অন্য সেঞ্চুরিয়ানেরও, ‘শিখর ধাওয়ানও সেঞ্চুরি করেছে সম্ভবত ৯৫ বলে। ও রোহিতের সঙ্গে মিলে ভারতের ইনিংস দুর্দান্ত একটা শুরু এনে দিয়েছে। আসলে ভারতের খুব ভালো কিছু খেলোয়াড় আছে। বিরাট ওয়ানডেতে ২৫ সেঞ্চুরি করেছে। অবিশ্বাস্য একটা অর্জন।’
স্মিথ ব্যাখ্যা করলেন, ‘আমার মনে হয় এমনটা বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের জন্যই বেশ স্বাভাবিক। মাইলফলক কাছাকাছি চলে এলে স্বাভাবিকভাবে আপনি একটু ধীরে ব্যাটিং করবেন। কোহলি ও রোহিত শর্মা বেশ মানসম্পন্ন খেলোয়াড়। ওরা বেশ সুন্দর ব্যাটিংও করেছে। এখানে আমি স্বার্থপরতার কিছু দেখছি না।’
এর আগে তৃতীয় ওয়ানডেতে কোহলির সেঞ্চুরির পরও মাত্র ২৯৫ করে পরে ম্যাক্সওয়েলের ফিফটির কাছে হেরে গেছে ভারত। যে ম্যাচের পর ভারতীয় ব্যাটসম্যানদের একটু খোঁচা মেরে ম্যাক্সওয়েল বলেছিলেন, ‘সম্ভবত ওরা নিশ্চিত করতে চাইছিল, যেন মাইলফলকটা না হারিয়ে যায়। কেউ মাইলফলক চিন্তা করে খেলে, কেউ খেলে না।’