'স্লেজিং ক্রিকেটের ন্যক্কারজনক এক দিক'

স্লেজিং অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে বেশ ভালোভাবে। শুধু ব্যাটে বা বলে নয়, অস্ট্রেলিয়ানরা বরাবরই প্রতিপক্ষের মানসিক ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নেয় স্লেজিং করে। কিন্তু এই ‘স্লেজিং সংস্কৃতি’ নতুন করে আলোচনায় উঠে এল। মুখের কথা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার এই ‘অস্ত্রটি’কে প্রশ্নবিদ্ধ করেছেন ফিলিপ হিউজের ময়নাতদন্তকারী চিকিৎসক। বলেছেন, এটি ক্রিকেটের আড়ালে থাকা এক কুৎসিত দিক।
ঘরোয়া ক্রিকেটে খেলার সময় শন অ্যাবটের বাউন্সারে আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন হিউজ। এই নভেম্বরে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তাঁর। হিউজের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, বাউন্সারের আগে স্লেজিংয়ের কারণে হিউজ হয়তো মানসিকভাবে বিচলিত ছিলেন। তবে আজ নিউ সাউথ ওয়েলসের ময়নাতদন্তকারী মাইকেল বার্নস বলেছেন, কথা দিয়ে খেলোয়াড়দের ঘায়েল করার কোনো চেষ্টা যদি হয়েও থাকে হিউজ তাতে প্রভাবিত হয়েছিলেন বলে মনে হয়নি। তাঁর মৃত্যুর সঙ্গে এটিকে জড়ানো ঠিক হবে না।
তবে বার্নস এও বলেছেন, ‘স্লেজিং ক্রিকেটের ন্যক্কারজনক এক দিক’। বলেছেন, ‘ক্রিকেটের বাইরের যে কেউ ভেবে অবাক হবে, কেন এত সুন্দর এই খেলাটার আড়ালে থাকা এত কুৎসিত একটা ব্যাপার দরকার পড়ে।’
হিউজের মৃত্যু নিয়ে চলা শুনানিতে একজন দাবি করেছিলেন, কোনো একজন বোলার সেদিন হিউজকে বলেছিলেন, ‘আমি তোকে খুন করব’। যদিও সেদিন মাঠে থাকা খেলোয়াড়েরা এমন কিছু ঘটেনি বলে মন্তব্য করেছেন।
স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার ক্রিকেটে প্রায় অবিচ্ছেদ্য হয়ে থাকা এই স্লেজিং সংস্কৃতি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হচ্ছে। সাবেক অধিনায়ক মার্ক টেলর বলেছেন, স্লেজিংটাকে কখনোই তাঁর সমস্যা বলে মনে হয়নি। তবে যদি কখনো সীমা ছাড়িয়ে যায়, মাঠের আম্পায়ারদের তখন হস্তক্ষেপ করা উচিত। খেলাটাকে আরও প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে স্লেজিং ভূমিকা রাখে বলে মনে করেন তিনি। তবে কখনোই সীমা ছাড়িয়ে যাওয়ার পক্ষেও নন টেলর। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও প্রায় অভিন্ন মন্তব্য করেছেন।
আইসিসি অবশ্য মাঠে খেলোয়াড়দের আচরণের ব্যাপারে ধীরে ধীরে আরও কঠোর হচ্ছে। এই কঠোর অবস্থানের কারণে ইদানীংকালের ক্রিকেটে স্লেজিং কম হয় বলে মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ক্রিস রজার্স। সূত্র: এএফপি।