'স্লেজিংয়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না ভারত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথার লড়াইয়ে জড়িয়ে জরিমানা গুনেছেন ধাওয়ান-ওয়ার্নার। ফাইল ছবি
কথার লড়াইয়ে জড়িয়ে জরিমানা গুনেছেন ধাওয়ান-ওয়ার্নার। ফাইল ছবি

শোকের আবহে শুরু হয়েছিল অস্ট্রেলিয়া-ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ। বলা হচ্ছিল, খেলা হবে ফিল হিউজ-চেতনায়। প্রথম তিন দিন শোকের আবহটা ঠিকঠাক বজায় থাকলেও দুদলের চিরায়ত ঝাঁজটা বেরিয়ে এল অ্যাডিলেট টেস্টের চতুর্থ দিন বিকেলেই। খেলোয়াড়েরা জড়িয়ে পড়লেন কথার লড়াইয়ে। ভারতের সাবেক বোলিং কোচ জো ডয়েস অবশ্য মনে করেন, কথার লড়াই চালিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না ভারত।

২০১২ থেকে ২০১৪ অক্টোবর—দুই বছরের মতো ভারতের বোলিং কোচ ছিলেন ডয়েস। কুইন্সল্যান্ডের সাবেক এ ফাস্ট বোলারের ভালোই জানা আছে ভারতের বোলারদের। আবার একজন অস্ট্রেলীয় হিসেবে জানেন স্বদেশি খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কেও। অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টের কথার লড়াই প্রসঙ্গে ডয়েস বললেন, ‘তারা (ভারত) টগবগে তরুণ দল। তাদের কিছু ঘাটতি চোখে পড়বে। তবে এখানে সবচেয়ে বড় শেখার বিষয় হচ্ছে, আপনাকে কিছুতেই ভীষণ আক্রমণাত্মক হওয়া যাবে না। ভারতের তরুণেরা নিজেদের মতো সমাধান বের করার চেষ্টা করছে। কিন্তু অস্ট্রেলীয় খেলোয়াড়দের কখনই স্লেজ করা যাবে না। কারণ, তারা এটার মধ্য দিয়েই বেড়ে ওঠে।’

অ্যাডিলেড টেস্টে কথার লড়াইয়ে নেমেছিলেন বরুণ অ্যারন-ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ-রোহিত শর্মা। লড়াইয়ে যোগ দিয়েছিলেন বিরাট কোহলিও। ব্রিসবেনে মিচেল জনসন ব্যাটিং করতে নামার পর রোহিতের সঙ্গে চালাচালি হয়েছিল তপ্ত বাক্য। এরই মধ্যে কথার লড়াইয়ের দায়ে জরিমানা গুনেছেন ইশান্ত, শিখর, কোহলি ও ওয়ার্নার।

কথার লড়াই নিয়ে ডয়েসের মতো ব্র্যাড হাডিনও তির ছুঁড়েছেন ভারতের দিকে। অস্ট্রেলিয়ার এ উইকেটরক্ষক বললেন, ‘ভারতীয়রা হাত দিয়ে দেখিয়েছে, তারা অত্যন্ত আক্রমণাত্মক।’ বাকি দুটি টেস্টেও কি চলবে এ লড়াই? হাডিন বললেন, ‘আমাদের মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা এটি বেশি মোকাবিলা করতে পারে। এটাই ক্রিকেট। হয়তো তারা আবারও জনসনকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখা যাক কী হয়।’

এ দিকে ব্রিসবেন টেস্টে রোহিতের খোঁচা প্রসঙ্গে জনসন জানালেন, এতে আখেরে লাভ হয়েছে তাদেরই। বললেন, ‘আমার মনোযোগ ছিল খেলার দিকেই। এটা ভালো হয়েছিল। কারণ, আমার মনোযোগ স্কোরবোর্ডে ছিল না। তাতে আমি শট খেলতে পারছিলাম। দারুণ লক্ষ্য নিয়ে খেলতে চেয়েছিলাম।’ অস্ট্রেলিয়া ফাস্টবোলার আরও বললেন, ‘সেদিন শুরুতে কিছু কথা বলেছিলাম। এরপর রোহিতের দিকে তাকিয়ে হাসছিলাম। সে কিছুটা এগিয়ে এল, কিছু একটা বলতে চাইল। মনে হয়, সে কিছুটা হতাশ ছিল।’ সূত্র: পিটিআই, নিউজকমএইউ।