'হন্তারক' আল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের সময় মুখে হাসি থাকে না আল আমিনের। ছবি: শামসুল হক।
ম্যাচের সময় মুখে হাসি থাকে না আল আমিনের। ছবি: শামসুল হক।

এমনিতেই আকর্ণ হাসতে পছন্দ করেন। কাল ম্যাচের পর সেই হাসিটা যেন ফুরোচ্ছিলই না আল আমিনের। অবশ্য মাঠে সিলেট সুপার স্টারসের বিপক্ষে এ আল আমিনই দেখা দিয়েছিলেন হন্তারক রূপে! একেকটা উইকেট পাওয়ার পর বরিশালের পেসারের মুখে যে হাসিটা দেখা গিয়েছিল, সিলেটের কাছে তা ক্রূর ছাড়া কিছু নয়!

অবশ্য আল আমিনের গর্জে ওঠার পেছনে মোহাম্মদ শহীদের খানিকটা ‘অবদান’ খোঁজা যেতেই পারে। শহীদের বলে বরিশালের শেষ উইকেট আল আমিন বোল্ড হয়েছিলেন। এরপরই দুজনের লেগে গিয়েছিল। অগত্যা আম্পায়ার এসে থামালেন দুজনকে। ওই ঘটনাই কি তাতিয়ে দিয়েছিল আল আমিনকে? বরিশাল পেসার অবশ্য এড়িয়েই যেতে চাইলেন ঘটনাটা। বরং দাঁড় করালেন ক্রিকেটীয় ব্যাখ্যা, ‘না, আসলে সে রকম কিছু নয়। জিম্বাবুয়ে সিরিজ ভালো খেলার পর গত ম্যাচটায় (রংপুরের বিপক্ষে) ৪ ওভারে ৩৯ রান দিয়েছিলাম। আমার জন্য সেটা মোটেও ভালো নয়। চেষ্টা করেছি আজ (কাল) ভালো করার।’

যেভাবে দুর্দান্ত বোলিং করেছেন, শুধু ‘ভালো’ বিশেষণেও আল আমিনকে মাপা যাচ্ছে না। যে বলটায় হ্যাটট্রিক করলেন, এক কথায় অবিশ্বাস্য! ব্যাটিংয়ে যে ছিল টেকনিকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। মুশফিকুর রহিমের স্টাম্পটা আক্ষরিক অর্থেই উড়িয়ে দিলেন না; রীতিমতো মাঝ স্টাম্পের ওপরের অংশটা টুকরো টুকরো করে ফেললেন! কেউ কেউ তো বলেই দিলেন, বলটা এতটাই দুর্দান্ত ছিল যে, মুশফিকের জায়গায় বিশ্বের সেরা ব্যাটসম্যান থাকলেও তাঁর পরিণতিও একই হতে পারত। হ্যাটট্রিকের বলটা কী বিশেষ পরিকল্পনা করে করা? এ ক্ষেত্রে আল আমিন ধন্যবাদ দিচ্ছেন বরিশাল অধিনায়ক মাহমুদউল্লাহকে, ‘রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) বললেন, হ্যাটট্রিক নিয়ে চিন্তার দরকার নেই। তুই তোর বোলিংটাই কর। আমার কাছে মনে হয় ইনসুইংয়ে মুশফিক ভাইয়ের কিছুটা দুর্বলতা আছে।’

ব্যস, যে কথা সেই কাজ। বিপিএলে দ্বিতীয় ও প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করলেও এমন কীর্তি তিনি আগেও করেছেন। ২০১৩-এর ডিসেম্বরে প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে এক ওভারেই নিয়েছিলেন ৫ উইকেট! কাল সিলেটের বিপক্ষে ৪ ওভারে নিয়েছেন ৫ উইকেট। ছোট লক্ষ্য দিয়ে এমন দারুণ বোলিংয়ে সব কৃতিত্ব অধিনায়ককেই দিচ্ছেন আল আমিন, ‘আসলে লক্ষ্য খুব কম ছিল। ১০৮ রানে লড়াই করা খুব কঠিন। মাঠে নামার সময় অধিনায়ক (মাহমুদউল্লাহ) বলছিলেন, হারানোর কিছু নেই। পাওয়ার অনেক কিছু আছে। এ চিন্তায় ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি।’

ধারাবাহিকভাবে এমন ভালো করলে, অধিনায়কের বাহবা তো পাবেনই, দলও পাবে সাফল্য। আল আমিনের মুখে নিয়মিত ধরা দেবে আকর্ণ হাসিটা। আর ওই হাসিতে নিশ্চিত বুকে কাঁপন ধরবে প্রতিপক্ষের!