'হাঙ্ক' থেকে হ্যান্ডসকম্ব!

বছর ছয়েক আগের কথা। তখনো অস্ট্রেলিয়ান ক্রিকেটে পিটার হ্যান্ডসকম্ব নামটা পরিচিত হয়ে ওঠেনি। ভিক্টোরিয়া দলের বাইরে তাঁকে ওইভাবে কেউ চেনেও না। ওই সময়ই ভিক্টোরিয়ান প্রিমিয়ার ক্রিকেটে ক্যাম্পবারওয়েল ম্যাগপাই দলের বিপক্ষে একটা ম্যাচে স্কোরবোর্ড অপারেটর ভুলে তাঁর নাম লিখলেন ‘পিটার হাঙ্কস্টোন’। দেখে ভিক্টোরিয়ার সতীর্থরা খুব মজা পেয়েছিলেন। সতীর্থদের কাছে তাঁর নামই হয়ে গেল ‘হাঙ্ক’।
গত বছর নভেম্বরে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন টেস্ট অভিষেক হলো, তখন অবশ্য আর হ্যান্ডসকম্বের নামটা ভুল করার উপায় নেই। কারণ এর কিছুদিন আগেই ভিক্টোরিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের তারকায় ঠাসা দলের বিপক্ষে ২১৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে আলোড়ন তুলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। যে ইনিংসটাই তাঁকে অস্ট্রেলিয়ার ৪৪৭ নম্বর খেলোয়াড় হিসেবে টেস্ট খেলার সুযোগও এনে দিয়েছিল।
সেই হ্যান্ডসকম্ব এবার বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলে। অভিষেকের পর মাত্র ১০ মাসের মতো হয়েছে, কিন্তু এরই মধ্যে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে বড় আস্থা হয়ে উঠেছেন। সর্বশেষ ভারত সফরেও রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজাকে সামলেছেন দারুণভাবে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশেও তাঁকে ঘিরে একটা প্রত্যাশা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার।
এই প্রত্যাশা অবশ্য শুরু থেকেই পূরণ করে আসছেন ২৬ বছর বয়সী হ্যান্ডসকম্ব। অ্যাডিলেডে অভিষেকেই ৫৪, পরের ইনিংসে ম্যাচে জেতানো রানটা নিয়ে অপরাজিত থাকলেন ১ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টটা খেললেন ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে, দিবারাত্রির ওই টেস্টের প্রথম ইনিংসেই পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি, পরের ইনিংসে অপরাজিত ৩৫ রানে! সব মিলিয়ে ক্যারিয়ারের প্রথম সাত ইনিংসে একবারও ৫০-এর নিচে আউট হননি। টেস্ট ইতিহাসে এই কীর্তি নেই অন্য কোনো খেলোয়াড়ের।
বাবা জন হ্যান্ডসকম্ব ও মা প্যাট মার্ফি—দুজনই ব্রিটিশ। তবে হ্যান্ডসকম্বের জন্ম মেলবোর্নে। ব্রিটিশ পাসপোর্ট থাকার পরও তাই অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিনটাই বেশি টেনেছে তাঁকে। ছোটবেলায় ফুটবল, টেনিস ও ক্রিকেট তিনটিতেই সমান আগ্রহ ছিল। তিনটিই খেলেছেন সমানতালে। তবে ১৪ বছর বয়সে পিঠের একটা সমস্যায় ফুটবলটা ছেড়ে দিতে হয়। টেনিস অবশ্য চালিয়ে গেছেন আরও বছর দুয়েক। তবে শেষ পর্যন্ত যে ক্রিকেটটাই তাঁর জীবন হয়ে গেল, সেটা বোধ হয় রক্তে ক্রিকেট ছিল বলে। বাবা জন মাইনর কাউন্টিতে খেলতেন, ছিলেন অফ স্পিনার। হ্যান্ডসকম্বের সৎভাই জেমস ছিলেন লেগ স্পিনার, খেলেছেন ভিক্টোরিয়ান গ্রেড ক্রিকেটে। ৮ টেস্টে ৫৪.২৭ গড়ে ৫৯৭ রান করা হ্যান্ডসকম্বকে যে স্পিনের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ব্যাটসম্যান বলা হচ্ছে, সেখানেও হয়তো তাঁর বাবা-ভাইয়ের অবদান আছে কিছুটা। কোচ ড্যারেন লেম্যান আর অধিনায়ক স্টিভেন স্মিথের যে এই সফরে তাঁকে ঘিরে বাড়তি আশা, সেটাও স্পিন ভালো খেলেন বলেই। বাংলাদেশে তো স্পিনই বেশি খেলতে হবে অস্ট্রেলিয়াকে।
হ্যান্ডসকম্ব নিজেও তৈরি। অশ্বিন-জাদেজার স্পিন সামলেই সর্বশেষ ভারত সফরে রাঁচি টেস্টে অপরাজিত ৭২ রানের ঝলমলে একটা ইনিংস খেলেছিলেন। যে ইনিংসটা ওই টেস্টে হার থেকে বাঁচিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই অভিজ্ঞতাই এবার বাংলাদেশ সফরে কাজে লাগাতে চান হ্যান্ডসকম্ব, ‘আমাদের পুরো দলটাই উপমহাদেশের কন্ডিশনে খুব একটা অভিজ্ঞ নয়। তবে তরুণদের মধ্যে আমি ও ম্যাট রেনশ খুব ভাগ্যবান যে ভারতে খেলার সুযোগ পেয়েছিলাম। ওই অভিজ্ঞতা এই দুটি টেস্টে কাজে দেবে। ভারতে যে মানসিকতা নিয়ে খেলেছি, এখানেও তাই খেলতে চাই।’
মজার ব্যাপারই বলতে হবে, উপমহাদেশে খুব বেশি ম্যাচ না খেলার একটা ইতিবাচকও দেখছেন হ্যান্ডসকম্ব, ‘খুব বেশি ম্যাচ না খেলায় বলের আচরণ কেমন হবে, সেটা ভেবে চিন্তিত হতে হবে না। একটু স্বাধীনভাবে খেলা যাবে।’
দলের বাকি সবার মতো বাংলাদেশের বিপক্ষে এটাই তাঁর প্রথম টেস্ট। তবে অচেনা প্রতিপক্ষকে কিছুটা যে চেনা হয়েছে, সেটিও জানিয়ে দিলেন হ্যান্ডসকম্ব, ‘গত সপ্তাহে আমাদের দলের একটা সভা হয়েছে, যেখানে আমরা পুরো বাংলাদেশ দল নিয়ে আলোচনা করেছি। ওখানে যেসব পরিকল্পনা হয়েছে, সেটাই বাস্তবায়নের চেষ্টা করব। দেখা যাক, কী হয়!’