'হাথুরু তো আর রান করতে পারবেন না'

প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পরদিন কঠোর অনুশীলনের কী দরকার! তবু আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অবশ্য অনুশীলনটা ছিল ঐচ্ছিক। কাল জিম্বাবুয়ের বিপক্ষে যাঁরা একাদশে ছিলেন না, নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাঁরাই।
জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, শুক্রবার। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে শ্রীলঙ্কাকে কাল খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা, চন্ডিকা হাথুরুসিংহের প্রসঙ্গটা অবধারিতই। আজ বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসলের সংবাদ সম্মেলনেও উঠল হাথুরু প্রসঙ্গ।
শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের বড় প্রতিপক্ষ কি তাহলে হাথুরু? হ্যালসলের জবাবটা হলো দুর্দান্ত, ‘সে খুবই ভালো কোচ। তবে কাল রাতে তো দেখেছেন তামিম ইকবাল রান করেছে, সাকিব আল হাসান উইকেট পেয়েছে। চন্ডিকা (হাথুরু) রান করতে পারবে না, উইকেটও নিতে পারবে না!’
হ্যালসলের কথায় বোঝা গেল, হাথুরুর ক্রিকেট মস্তিষ্ক যতই ক্ষুরধার হোক, মাঠে খেলবেন খেলোয়াড়েরাই। কোচের পরিকল্পনা বাস্তবায়ন করবেন খেলোয়াড়েরাই। ২২ গজের লড়াইয়ে তাই হাথুরু থাকবেন না। মাশরাফি-সাকিবদের মুখোমুখি হবেন শুধু ম্যাথুস-লাকমলরা।
শ্রীলঙ্কার সাম্প্রতিক রেকর্ড-পরিসংখ্যান বেশ বিবর্ণ। দেশে কিংবা দেশের বাইরে গত বছর একটি ওয়ানডে সিরিজও তারা জিততে পারেনি। দেশের মাঠে জিম্বাবুয়ের কাছে পর্যন্ত সিরিজ হারতে হয়েছে তাদের। ২০১৭ সালে যে ২৯ ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা, হেরেছে তার ২৩টিতেই।
রেকর্ড যেমনই হোক, শ্রীলঙ্কাকে পূর্ণ সমীহ করছেন হ্যালসল, ‘যখন নিজেদের সেরা খেলাটা খেলে শ্রীলঙ্কা, তখন খুবই শক্তিশালী দল। চ্যাম্পিয়নস ট্রফিতে তারা কিন্তু ভারতকে হারিয়েছে। আমরা জানি তারা কেমন খেলতে পারে। যদিও গত কিছুদিন তারা সেটা পারেনি। তার মানে এই নয় তারা সামনে ভালো খেলবে না। ম্যাথুস-লাকমলের মতো অসাধারণ কিছু খেলোয়াড় আছে তাদের। গত বছরটা যদিও ভালো যায়নি, তবে তারা ভালো দল।’