'হারুপাট্টি'দের সেঞ্চুরি

ওয়ানডে ক্রিকেটে কেউ সেঞ্চুরি করা মানেই তো দলের জয় অর্ধেক নিশ্চিত হয়ে যাওয়া। একজনের সেঞ্চুরি আর অন্যদের কিছু অবদানেই তো জয়ের মতো রান জমা হয়ে যায় স্কোরবোর্ডে। কিন্তু সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া-ভারত সিরিজে হলো একেবারেই উল্টো। এই সিরিজে যে সেঞ্চুরি করে উল্টো পরাজিত দলে জায়গা পেতে হয়েছে অধিকাংশ সেঞ্চুরিয়ানকে। মোট ১১টি সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে সাতটিই হয়েছে হেরে যাওয়াদের দল থেকে!
সিরিজের প্রথম ওয়ানডেতেই রেকর্ড গড়া ১৭১ করলেন রোহিত শর্মা। কিন্তু তাঁর এমন এক ইনিংসের পরও শেষ পর্যন্ত হারতে হয়েছিল ভারতকে। সেদিন তবু সান্ত্বনা পেয়েছিলেন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পক্ষে যে জোড়া সেঞ্চুরি করেছিলেন স্টিভ স্মিথ ও জর্জ বেইলি। কিন্তু পরের ম্যাচগুলোতেও যে চলল একই দৃশ্যের পুনরাবৃত্তি। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি পেলেন রোহিত, ভারতও হারল ম্যাচ। পরের ম্যাচে সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি, এবারও হারল তাঁর দল। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করলেন অ্যারন ফিঞ্চ, জোড়া সেঞ্চুরি দিয়ে জবাব দিলেন কোহলি ও শিখর ধাওয়ান। বেশি সেঞ্চুরি করার ‘দায়ে’ই কি না, প্রায় জেতা ম্যাচটি হেরে বসল ভারত।
সিরিজের শেষ ম্যাচও এই ধারার বাইরে যায়নি। অস্ট্রেলিয়ার হয়ে জোড়া সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। জবাবে মনীশ পাণ্ডের সেঞ্চুরিতে জয় পেল ভারত। সাতটি সেঞ্চুরিই গেল বিফলে। দলকে জেতানোয় সেঞ্চুরিয়ানদের এমন ব্যর্থ হওয়ার নজির খুব একটা দেখা যায় না। অন্তত দ্বিপক্ষীয় কোনো সিরিজ দেখেনি সেঞ্চুরিয়ানদের এভাবে হতাশ হয়ে মাঠ ছাড়তে। এটাই কোনো দ্বিপক্ষীয় সিরিজে হেরে যাওয়া সেঞ্চুরি সংখ্যার নতুন রেকর্ড।
বিষয়টিকে কেবল দ্বিপক্ষীয় সিরিজে আটকে না রেখেও দেখা যাচ্ছে, সেঞ্চুরিয়ানদের হতাশার এমন চিত্র বিরল। গত বিশ্বকাপ শুধু দলকে জেতানো ব্যর্থ সেঞ্চুরির সংখ্যায় এই সিরিজকে হার মানাচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে ৯টি সেঞ্চুরি এভাবে বিফলে গিয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর সেঞ্চুরিটি ছিল তারই একটি। কিন্তু বৈশ্বিক এমন এক টুর্নামেন্টে ৪৮টি ম্যাচে এ রকম সংখ্যা চোখ কপালে তুলে দিচ্ছে না যতটা দিচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের মাত্র পাঁচটি ম্যাচ।
ব্যর্থ সেঞ্চুরির তালিকায় এই সিরিজের পরে আছে একটি ত্রিদেশীয় সিরিজ। সেই রেকর্ডেও ভাগীদার অস্ট্রেলিয়া-ভারত। তাদের সঙ্গী জিম্বাবুয়ে। ২০০৩-০৪ মৌসুমে ১৩ ম্যাচের সেই সিরিজে ৫ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করার পরও দলকে হারতে দেখেছেন। এ রকম আরও তিনটি সিরিজ দেখেছে ওয়ানডে ক্রিকেট, যেখানে পাঁচটি সেঞ্চুরি বিফলে গেছে।
ওয়ানডে ক্রিকেটে গতকাল পর্যন্ত ১৪৮৫টি সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে ৩৭৮টি সেঞ্চুরি হয়েছে হেরে যাওয়াদের দলে।