'হাড় ক্ষয়ে' স্যান্টনারের আইপিএল শেষ

>
- স্যান্টনারের হাঁটুতে সমস্যা ধরা পড়েছে।
- অস্ত্রোপচার করাতে হবে।
- সুস্থ হয়ে উঠতে সর্বোচ্চ নয় মাস সময় লাগবে।
- আইপিএল ছাড়াও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্যান্টনার খেলতে পারবেন না।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও মন্দ করেন না মিচেল স্যান্টনার। আইপিএলের নিলামে নিউজিল্যান্ডের এ স্পিনিং অলরাউন্ডারকে তাই ৫০ লাখ রুপিতে কিনেছিল চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজি এ দলে স্যান্টনারকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই ভেবেছিলেন বিশ্লেষকেরা। কিন্তু চেন্নাইয়ের জন্য দুঃসংবাদ, এবার আইপিএলে স্যান্টনারের খেলা হচ্ছে না। অবশ্য শুধু আইপিএল নয়, আগামী নয় মাসে স্যান্টনার সম্ভবত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটেই খেলতে পারবেন না!
যা ভেবেছেন, ঠিক তা–ই। চোট পেয়েছেন স্যান্টনার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পায়ে বেশ সমস্যা অনুভব করেছেন বাঁহাতি এ স্পিনার। স্ক্যান করানোর পর তাঁর পায়ের হাঁটুতে ‘বোন ডিফেক্ট’ (হাড় ক্ষয়) ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচারের বিকল্প নেই। আর তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত কিউই স্কোয়াড থেকে বাদ পড়েছেন ২৬ বছর বয়সী এ ক্রিকেটার। তাঁর বদলে লেগ স্পিনার টড অ্যাস্টলেকে স্কোয়াডে ডেকেছে কিউই টিম ম্যানেজমেন্ট।
নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর পূর্ণ সুস্থ হয়ে উঠতে সর্বোচ্চ নয় মাস সময় লাগবে স্যান্টনারের। অর্থাৎ আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের একাদশ আসরে খেলতে পারবেন না তিনি। এ ছাড়া ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ডার্বিশায়ারের হয়েও খেলার সুযোগ হাতছাড়া হলো স্যান্টনারের। চেন্নাই অবশ্য তাঁর ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, ‘এখনই সিদ্ধান্ত (স্যান্টনারের বিকল্প) নেওয়া খুব দ্রুত হয়ে যায়। আমরা কোচ স্টিফেন ফ্লেমিং ও অধিনায়ক ধোনির সঙ্গে কথা বলেই তাঁর বিকল্প খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’