'হিউজ-ট্র্যাজেডি' কাটিয়ে ক্রিকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধু হারানোর শোক নিয়েই কাল অস্ট্রেলিয়া দলের অনুশীলনে যোগ দিলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে অ্যাডিলেডেই তাঁর খেলা হবে কি না সেই সংশয় এখনো কাটেনি l ক্রিকইনফো
বন্ধু হারানোর শোক নিয়েই কাল অস্ট্রেলিয়া দলের অনুশীলনে যোগ দিলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে অ্যাডিলেডেই তাঁর খেলা হবে কি না সেই সংশয় এখনো কাটেনি l ক্রিকইনফো

অ্যাডিলেডে শনিবারের সকাল। গা-গরমের ছোটাছুটি শেষে নেটে ব্যাট হাতে নেমে পড়েছেন ক্রিস রজার্স, শেন ওয়াটসন আর ব্র্যাড হাডিনরা। ওদিকে বল হাতে মিচেল জনসন, পিটার সিডল আর জস হ্যাজেলউড। এর মধ্যে হ্যাজেলউডই যেন সবচেয়ে প্রাণবন্ত। একের পর বল করে যাচ্ছেন। রজার্সকে কয়েকটা বাউন্সারও দিলেন। কখনো ছাড়লেন রজার্স, কখনো হুক-পুলের চেষ্টা করলেন। সবকিছু মিলিয়ে মনে হলো যেন ক্রিকেটও আবার ফিরল তার স্বাভাবিক রূপে!
না, পুরোটা নয়। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার অনুশীলন চলছে পুরোদমে। কিন্তু মনঃসংযোগটা বোধ হয় এখনো পুরো ক্রিকেটে দিতে পারছেন না সবাই। ডেভিড ওয়ার্নার যেমন অনুশীলন থেকে স্বেচ্ছাবিশ্রাম নিলেন। সময় কাটালেন দলের মনোবিদের সঙ্গে। ছুটোছুটি আর ফিল্ডিং অনুশীলন ছাড়া কিছু করলেন না অধিনায়ক মাইকেল ক্লার্কও। ক্লার্কের ক্ষেত্রে হয়তো চোট থেকে পুরোপুরি না-সারাটা একটা কারণ হতে পারে। কিন্তু ওয়ার্নার কিংবা ওয়াটসনরা যে মানসিকভাবে এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি সেটা বোঝাই যাচ্ছিল। সতীর্থ ফিল হিউজের মৃত্যুশোক এখনো জমাট বেঁধে আছে অন্যদের কাছেও। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে এসে তাই সহ-অধিনায়ক ব্র্যাড হাডিন বললেন, ‘আমরা অস্ট্রেলিয়ার এবং সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের সমর্থন চাই। খেলাটা নিজেরা যেমন উপভোগ করতে চাই, তেমনি চাই সবাইকে আনন্দ দিতেও। ক্রিকেট খেলাই তো আমাদের কাজ।’ কিন্তু সে কাজটা করার জন্য মানসিকভাবে কতটা প্রস্তুত তাদের দল? হাডিনের জবাব, ‘যে খেলাটিকে আমরা ভালোবাসি সেটিতে আবার ফিরছি। এর বেশি জটিল করে আর কিছু ভাবতে চাই না।’
যতই শোককে শক্তিতে রূপ দেওয়ার কথা বলা হোক, অনুশীলন হোক—মানসিক এই ধাক্কাটা যে এত জলদি সামলে ওঠা যাবে না এটা বলেছেন রিকি পন্টিংও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক কাল দি অস্ট্রেলিয়ান পত্রিকায় কলামে লিখেছেন, ‘ফিলিপের (হিউজ) মৃত্যু যে ধাক্কা দিয়েছে সবাইকে সেটা এর আগে কখনো হয়নি। আমরা অথই জলে আছি এবং ছেলেদের অনেক দূর পাড়ি দিতে হবে। এটা ওদের ক্যারিয়ারের সবচেয়ে বড় মানসিক লড়াই। কিন্তু আমি আশা করি ওরা সফলভাবেই এ পথ পাড়ি দেবে।’
মানসিক এ লড়াইয়ের পাশাপাশি অধিনায়ক ক্লার্কের অ্যাডিলেডে খেলা নিয়েও সংশয় কাটেনি এখনো। কাল হালকা অনুশীলন করলেও মঙ্গলবার থেকে শুরু টেস্টে ক্লার্ক থাকছেন কি না, এটা এখনো নিশ্চিত করেনি অস্ট্রেলিয়া। সহ-অধিনায়ক হাডিন অবশ্য আশা করছেন অ্যাডিলেডে বল গড়ানোর আগেই ক্লার্ক পুরো ফিট হয়ে যাবেন, ‘আশা করি, সম্পূর্ণ সুস্থ হয়েই প্রথম টেস্টে খেলবে ক্লার্ক৷ অধিনায়ক হিসেবে ওর বিকল্প নেই৷ আমরা ওর নেতৃত্বেই অ্যাডিলেডে নামতে চাই৷’ এএফপি, রয়টার্স।