'হিট উইকেট' হয়ে অ্যামব্রিসের বিশ্ব রেকর্ড!

নিজের ভাগ্যকে নিশ্চয়ই বিশ্বাস করতে পারছেন না সুনীল অ্যামব্রিস। তাঁর পেছনে যেন হিট উইকেটের ফেউ লেগেছে। টেস্ট ক্রিকেটের তিন ইনিংসের ক্যারিয়ারে দুবারই ‘হিট উইকেট’ হয়েছেন অ্যামব্রিস। এমন ঘটনা ক্রিকেট ইতিহাসেই এই প্রথম।
বেসিন রিজার্ভে ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেও শূন্য রানে হিট উইকেট হয়ে ফিরেছিলেন অ্যামব্রিস—সেও প্রথম বলে। গতকাল হ্যামিল্টন টেস্টে ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ২ রান করে আবারও হিট উইকেট! ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছয় নম্বরে নামলেও আদতে তিনি নাকি একজন ওপেনিং ব্যাটসম্যান।
হ্যামিল্টনে বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের করা বলটি অন সাইডে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন অ্যামব্রিস। পেছনের পায়ে ভারসাম্য রাখতে গিয়েই গড়বড় করেছেন। একটু বেশিই পেছনে চলে যাওয়ায় ডান পা স্টাম্পে আঘাত করে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। দুই হাত তুলে মৃদু আর্তনাদ করেই মাঠ ছেড়েছেন এই নবীন ক্যারিবীয় ক্রিকেটার।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ পাঁচবার হিট উইকেট হয়ে ফিরেছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেনিস কম্পটন। এ ছাড়া ১১ জন ব্যাটসম্যান দুইবার করে হিট উইকেটের দুঃস্বপ্ন দেখেছেন। কম্পটনের কথা শুনে কিছুটা সান্ত্বনা পেলেও পেতে পারেন অ্যামব্রিস; তবে এমন আউট নিশ্চয়ই আর হতে চাইবেন না তিনি। তবে সুখের একটি রেকর্ডেও নাম তুলেছেন অ্যামব্রিস। ইতিহাসের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ছয় মেরে নিজের টেস্ট ক্যারিয়ার শুরু করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।