'হেরেও' জিতলেন বেহারডিয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্থর ও স্পিনবান্ধব—গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেটকে বর্ণনা করা যায় এই দুটি শব্দেই। সেই উইকেটেই পরশু ১০৩ বলে ৭২ রান করলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। দক্ষিণ আফ্রিকার ফারহান বেহারডিয়েন ৮২ বলে করলেন ৬২। ইনিংস দুটির মহিমা বুঝতে একটা তথ্য জানা খুব জরুরি—ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৩৫ রান দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলার।
বেহারডিয়েনের সঙ্গে ব্যক্তিগত দ্বৈরথে জিতেছেন ফিঞ্চ। তবে সেটি উদ্যাপন করার মতো মানসিকতা ম্যাচ শেষে আর ছিল না তাঁর। দল যে হেরে গেছে! মাত্র ৩৩১ রানের ম্যাচ, সেটিতেও ৪৭ রানের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। পেয়েছে বোনাস পয়েন্টও। যেটির কল্যাণে ত্রিদেশীয় সিরিজটির পয়েন্ট তালিকার তলানি থেকে এক লাফে সবার ওপরে উঠে এসেছে এবি ডি ভিলিয়ার্সের দল।
টস জিতে ব্যাটিং নিয়ে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ১৮৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। বেহারডিয়েন উইকেটে এসেছিলেন ২৩তম ওভারে ৯৭ রানে ৪ উইকেট পড়ার পর। এরপর দক্ষিণ আফ্রিকার বাকি ৯২ রানের ৬২-ই তাঁর। দল জিতেছে বলে ফিঞ্চের চেয়ে কম রান করেও ম্যাচসেরাও তিনি।
রান তাড়ায় সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতে ক্লান্ত ফিঞ্চ আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে। ততক্ষণে অস্ট্রেলিয়ার পরাজয় অবশ্য নিশ্চিত হয়ে গেছে। প্রায় ১৯ ওভার বাকি থাকলেও লক্ষ্য থেকে তখনো ৭৭ রানে পিছিয়ে তারা। স্পিনবান্ধব উইকেটে দক্ষিণ আফ্রিকার তিন স্পিনার তো বটেই, দারুণ বোলিং করেছেন দুই পেসার কাগিসো রাবাদা ও ওয়েইন পারনেলও। এই ম্যাচে অভিষিক্ত চায়নাম্যান বোলার তাব্রেইজ শামসি উইকেট নিয়েছেন প্রথম ওভারেই।
এই টুর্নামেন্টে প্রতিটি দল তিনবার মুখোমুখি হবে পরস্পরের। গায়ানায় প্রথম রাউন্ড শেষে তিন দলেরই পয়েন্ট সমান (একটি জয় ও একটি হার)। আগামী শনিবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই দ্বিতীয় রাউন্ড শুরু হবে সেন্ট কিটসে। ক্রিকইনফো, রয়টার্স।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ১৮৯/৯ (বেহারডিয়েন ৬২, আমলা ৩৫, ডি ভিলিয়ার্স ২২; ম্যাক্সওয়েল ২/১৫, হ্যাজলউড ২/২০, কোল্টার-নাইল ২/৩৮)। অস্ট্রেলিয়া: ৩৪.২ ওভারে ১৪২ (ফিঞ্চ ৭২, লায়ন ৩০; রাবাদা ৩/১৩, পারনেল ২/২৩, ফাঙ্গিসো ২/২৬, তাহির ২/৩৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৪৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফারহান বেহারডিয়েন।