'হেলিকপ্টার'টা আমার আর ধোনির কাজ, শেহজাদকে কেপি

পাকিস্তানের ক্রিকেট বলেই হয়তো এক নাটকীয়তা সম্ভব। যে আহমেদ শেহজাদকে বাতিল করে দেওয়া হয়েছিল, এমনকি যাঁকে রাখা হয়নি বিশ্বকাপের দলেও, সেই শেহজাদ পাকিস্তানের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই অন্যতম নায়ক! এশিয়া কাপের ভরাডুবির পর শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ওলটপালটের কারণে দলে সুযোগ পাওয়া শেহজাদ ফিরেই করেছেন ফিফটি।
৩৯ বলে ৫২ রানের ইনিংসটায় আটটি বাউন্ডারি আছে। কিন্তু সেদিন শেহজাদ এমন একটা শট খেলতে গিয়ে আউট হয়েছেন, যেটা এখনো তাঁর আয়ত্তে আসেনি। আর এই সুযোগে শেহজাদের প্রশংসা করতে গিয়ে একটা খোঁচাও দিয়েছেন কেভিন পিটারসেন। বলেছেন, হেলিকপ্টার শটটা খেলা সবার কম্ম নয়। ওটা মহেন্দ্র সিং ধোনি আর পিটারসেনের জন্য রেখে দেওয়াই বরং ভালো!
পিএসএলে শেহজাদ আর কেপি একই দলে খেলেছেন। দুজনের মধ্যে দোস্তিও আছে বেশ। সেই বন্ধুত্ব থেকেই ইনস্টাগ্রামে শেহজাদের ছবি পোস্ট করে পিটারসেন লিখেছেন, ‘ভালো ভালো খেলোয়াড়েরা ভালো করছে দেখে দারুণ লাগছে! দারুণ খেলেছ শেজহাদ। দারুণ ব্যাটিং। তবে হেলিকপ্টার শটটা আমার আর এমএসের জন্যই রেখে দাও।’
শেহজাদ সেদিন সেঞ্চুরি না পাওয়ায় কেপি যেন হতাশ, ‘তোমার ১০০ করা উচিত ছিল। তবে যাকে প্রথমে দলেই নেওয়া হয়নি, সেই তার জন্য প্রথম ইনিংসে এমন রানও কিন্তু মন্দ নয়।’
কেপির শেষ বাক্যটা কি পাকিস্তানের ক্রিকেটের উদ্দেশে একটা খোঁচা?