'হেলেন অব ওয়েস্ট ইন্ডিজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে জুলিয়ান হান্টকে স্মারক তুলে দিচ্ছেন ক্লাইভ লয়েড ষ ডব্লুআইসিবি ওয়েবসাইট
সংবর্ধনা অনুষ্ঠানে জুলিয়ান হান্টকে স্মারক তুলে দিচ্ছেন ক্লাইভ লয়েড ষ ডব্লুআইসিবি ওয়েবসাইট

কী নামে ডাকি তাকে? যে নামেই ডাকি না কেন, সেন্ট লুসিয়ার সৌন্দর্য তাতে পুরোপুরি প্রকাশ পায় না! ফোর্ট রডনির শীর্ষ থেকে দেখা ছবির মতো সেন্ট লুসিয়াই বলুন কিংবা রডনি বে শপিং মল এলাকার ব্যস্ত সেন্ট লুসিয়া, এখন পর্যন্ত দেখা ওয়েস্ট ইন্ডিজের চারটি দ্বীপরাষ্ট্রের মধ্যে সবচেয়ে মোহনীয় লাগছে এটিকেই।
ফোর্ট রডনির একেবারে চূড়ায় সাক্ষাৎ মিলল সেন্ট লুসিয়ায় বেড়াতে আসা বারবাডোজের তরুণ ডাসিলভার সঙ্গে। সঙ্গে কানাডা ও সেন্ট লুসিয়ার দুই বান্ধবী। কথা প্রসঙ্গে ডাসিলভা দাবি করে বসলেন, বারবাডোজের তুলনায় সেন্ট লুসিয়া নাকি কিছুই না। বারবাডোজ হলো স্বর্গ। এ নিয়ে সেন্ট লুসিয়ার বান্ধবী পলিনার সঙ্গে তাঁর একচোট কপট তর্কও হয়ে গেল। যে তর্কে শেষ পর্যন্ত জিতলেন দুজনই। কারণ দুজনই তাঁদের অবস্থানে অনড়।
গ্রেনাডা, সেন্ট কিটস আর সেন্ট ভিনসেন্ট হয়ে এসেছি সেন্ট লুসিয়ায়। একটি অভিন্ন অভিজ্ঞতা—সবাই তার দ্বীপকেই বলে সবচেয়ে সুন্দর। তবে সেন্ট লুসিয়ায় এসে আমি উপসংহারে পৌঁছে গেছি। অন্তত ওই চার দ্বীপের মধ্যে সেন্ট লুসিয়াই এগিয়ে।
সেন্ট লুসিয়ার মানুষ একটা কথা বলে খুব গর্ববোধ করে। ঔপনিবেশিক আমলে নাকি ইংল্যান্ড-ফ্রান্স দুই দেশই একে অপরকে কানাডার বিনিময়ে সেন্ট লুসিয়া দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। দ্বীপটার দখল নিয়ে ১৪ বার যুদ্ধ বেধেছিল ফান্স আর ইংল্যান্ডের মধ্যে। শেষ পর্যন্ত ১৮১৪ সালে পাকাপাকি দখল নিয়ে নেয় ইংল্যান্ড। ১৯৭৯ সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করলেও সেন্ট লুসিয়া এখনো আছে ব্রিটেনের ছায়াতলেই।
পিজিওন আইল্যান্ড আর সেন্ট লুসিয়া একসময় ছিল দুটি বিচ্ছিন্ন দ্বীপ। ক্যারিবীয় সমুদ্রের মাঝে একা পড়ে ছিল ৪০ একরের পিজিওন আইল্যান্ড। ১৯৭২ সালে রডনি বে মেরিনা নামের লেগুনটি খুঁড়তে গিয়ে তোলা মাটি সাগরে ফেলে এটিকে সংযুক্ত করা হয়েছে সেন্ট লুসিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে। দিনে দিনে সেন্ট লুসিয়ায় আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত পিজিওন আইল্যান্ডের এখনকার নাম ‘পিজিওন আইল্যান্ড ন্যাশনাল ল্যান্ডমার্ক’। রডনি ফোর্ট ছাড়াও আরও কিছু ঐতিহাসিক নিদর্শনের দেখা মিলবে এখানে।
পাথুরে পথ বেয়ে ফোর্ট রডনির চূড়ায় একবার উঠতে পারলে মনে হতে পারে পিজিওন আইল্যান্ডটাই বুঝি জয় করে ফেললেন! চূড়া থেকে দেখবেন রডনি বে মেরিনার মাটি ফেলে তৈরি করা রাস্তা কীভাবে আলাদা করে দিয়েছে আটলান্টিক মহাসাগর আর ক্যারিবিয়ান সাগরকে। আরেক পাশ থেকে দেখতে পাবেন দুটির মিলনস্থলও।
ইউরোপ-আমেরিকা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আসা পর্যটকেরা দিনের বেশির ভাগ সময় কাটান সৈকতে আর সমুদ্রে। গায়ে রোদ মাখাতে সে কি প্রাণান্ত চেষ্টা তাঁদের! সন্ধ্যা নামলে চলে যান যে যার পছন্দমতো বার-রেস্টুরেন্টে। তবে দিনটা শুক্রবার হলে সন্ধ্যার পর সেন্ট লুসিয়ার পর্যটকদের গন্তব্য একটাই—গ্রস আইলেটের স্ট্রিট পার্টি। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই পার্টিতে স্থানীয়দের তুলনায় পর্যটকদের সংখ্যাই বেশি থাকে। নাচ-গান উপভোগের সঙ্গে রাস্তার পাশের দোকানগুলোতে বসে ডিনারটাও সেরে নেন অনেকে।
এমন রঙিন ও মোহনীয়, অথচ ওয়েস্ট ইন্ডিজের অনেক দ্বীপের চেয়ে একটা দিক দিয়ে পিছিয়ে সেন্ট লুসিয়া। ওয়েস্ট ইন্ডিজ দলে এখন পর্যন্ত মাত্র তিনজন ক্রিকেটারই খেলেছেন এখান থেকে। ড্যারেন স্যামি, জনসন চার্লস ও গ্যারি ম্যাথুরাইন। এর মধ্যে ড্যারেন স্যামি এখানে তুমুল জনপ্রিয়। তাঁর সঙ্গে যদি স্থানীয় কোনো ক্রিকেট-ব্যক্তিত্বের জনপ্রিয়তার তুলনা চলেও, তো সেটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান স্যার জুলিয়ান রবার্ট হান্টের।
ভদ্রলোক একই সঙ্গে ক্রিকেটার, ক্রিকেট সংগঠক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। সেন্ট লুসিয়ার বর্তমান সরকারি দল লেবার পার্টির প্রধান। দেশটার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে সেন্ট লুসিয়ার স্থায়ী প্রতিনিধির পদটিও অলংকৃত করে আছেন এই হান্টই। পরশু সন্ধ্যায় সেই জুলিয়ান হান্টকে সংবর্ধিত করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট চলছে সেন্ট লুসিয়ায় এবং হান্টও এই সেন্ট লুসিয়ারই মানুষ। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অবদানের জন্য তাঁকে সংবর্ধিত করার উপলক্ষটি হাতছাড়া করেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাইভ লয়েড, রিচি রিচার্ডসন, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোসের মতো গ্রেট থেকে শুরু করে ছিলেন বর্তমান অধিনায়ক দিনেশ রামদিন এবং শিবনারায়ণ চন্দরপলও। ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড ক্যামেরন, সেন্ট লুসিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী।
জুলিয়ান হান্ট দ্বীপটাতে কতটা জনপ্রিয়, সেটা বোঝা গেল এসব ক্রিকেটার, সংগঠক আর রাজনীতিবিদদের বক্তব্য থেকে। অনুষ্ঠান শেষে পরিচিত হতে গিয়ে জানালাম, আমি বাংলাদেশের সাংবাদিক। শুনে খুশি হয়ে গেলেন হান্ট, ‘আমি সম্ভবত বার দুয়েক গেছি তোমাদের দেশে। আমার পছন্দের জায়গাগুলোর একটা বাংলাদেশ।’
সেন্ট লুসিয়াকে বলা হয় ‘হেলেন অব ওয়েস্ট ইন্ডিজ’। সেই দেশের একজন মানুষের কিনা ভালো লেগে গেছে বাংলাদেশকে! হতেই পারে। কাছের চোখ দিয়ে অনেক সময় অনেক কিছুই দেখা যায় না। দূরের চোখে তা খুবই সম্ভব।