'হোয়্যারঅ্যাবাউট' এড়ানোই রাসেলের অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলেও খেলে গেছেন রাসেল। ফাইল ছবি
বিপিএলেও খেলে গেছেন রাসেল। ফাইল ছবি

এমন নয় যে নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করে ‘ডোপপাপী’ হিসেবে প্রমাণিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার আন্দ্রে রাসেল। কিন্তু তার অপরাধটাও গুরুতর। এ কারণেই এক বছরের নিষেধাজ্ঞা মাথা পেতে নিতে হচ্ছে। তিনি যে ‘হোয়্যারঅ্যাবাউট ক্লজ’ মানেননি।

রাসেল কী এমন নিয়ম ভাঙলেন যে তাঁর ক্যারিয়ার থেকে গোটা একটা বছর হারিয়ে যেতে বসেছে! নিয়মটা হচ্ছে, প্রত্যেক অ্যাথলেট ওয়াডাকে (আন্তর্জাতিক ডোপিং নিরোধক সংস্থা) তার হয়্যারঅ্যাবাউট জানাতে বাধ্য। একবার নয়; রাসেল ২০১৫ সালে মোট তিনবার এই নিয়মটি না মানার প্রায়শ্চিত্তই করছেন। হোয়্যারঅ্যাবাউট ক্লজ তিনবার ভঙ্গ করা একবার ডোপ নেওয়ার শাস্তির সমান।
হোয়্যারঅ্যাবাউট ক্লজ অনুযায়ী ডোপ পরীক্ষার জন্য ওয়াডা যেকোনো সময় একজন শীর্ষ ক্রীড়াবিদের নমুনা সংগ্রহ করতে পারে। সে জন্য খেলার বাইরে ক্রীড়াবিদকে নিজের সম্পর্কে তথ্য জানাতে হয় আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনকে (আইএফ) অথবা জাতীয় ডোপ নিরোধক সংস্থাকে (এনএডিএ)। এই তথ্যের মধ্যে মূলত থাকে নির্দিষ্ট সময় সেই ক্রীড়াবিদ কোথায় যাওয়া-আসা করছেন সেটা। যেন যেকোনো সময় সংক্ষিপ্ত নোটিশে সেই ক্রীড়াবিদের কাছে এসে নমুনা সংগ্রহ করতে পারে ওয়াডা।
প্রযুক্তির কল্যাণে ডোপ-পাপ এখন ভিন্ন মাত্রা পেয়েছে। এখন অনেক পারফরম্যান্স-বর্ধক ব্যবহৃত হচ্ছে যেগুলো ডোপ পরীক্ষায় সহজে ধরা পড়ে না। এখন এমন অনেক ড্রাগ এসেছে, যেগুলো প্রচলিত পরীক্ষাকে ফাঁকি দিতে পারে। কোনো অ্যাথলেট হয়তো মিট বা তাঁর খেলার কয়েক দিন আগে ডোপ নেন। খেলার সময় আসতে আসতে এই ড্রাগের পারফরম্যান্স বর্ধক গুণটা হয়তো থাকে, কিন্তু পরীক্ষায় তা ধরা পড়ে না। খেলা শুরুর আগে ও খেলা শেষে দেওয়া নমুনায় তাই পার পেয়ে যেতে পারেন।
এ কারণে এই হোয়্যারঅ্যাবাউট-নিয়মটা করা হয়েছে। এতে যেকোনো সময়ে একজন ক্রীড়াবিদের নমুনা সংগ্রহের অধিকার রাখে ওয়াডা। রাসেলকে তিনবার এ ব্যাপারে জানানো হলেও তাতে তিনি সাড়া দেননি। ​ফলে এই শাস্তি। ক্রিকেটে এই অপরাধে শাস্তি এটাই প্রথম।
কিংস্টোনে একটি নিরপেক্ষ মাদকবিরোধী প্যানেলের রায়ে এই শাস্তি পাওয়ার পর রাসেল অবশ্য আত্মপক্ষ সমর্থন করেছেন। বলেছেন, ক্রিকেট নিয়ে তাঁর ব্যস্ততা ও ওয়াডার নিয়মকানুন সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণেই সমস্যাটা হয়েছে। তা ছাড়া নথিটথি সামলানোর ব্যাপারেও তিনি খুব একটা পটু নন। তিনি দাবি করেন বিষয়টি দেখভালের জন্য তিনি তাঁর দুই এজেন্ট উইল কুইন ও তাজে স্মিথকে দায়িত্ব দিয়েছিলেন।
গত বছর মার্চে জ্যামাইকার মাদক-বিরোধী কমিশন রাসেলের বিরুদ্ধে অভিযোগ আনে। তাতে বলা হয় একাধিক চিঠি, টেলিফোন কল ও ইমেইলে তাগাদা দেওয়ার পরেও ২০১৫ সালের ১ জানুয়ারি, ১ জুলাই ও ২৫ জুলাই তিনি কোথায় ছিলেন সেটি কমিশনকে জানাননি।
রাসেলের আত্মপক্ষ সমর্থন অবশ্য ধোপে টেকেনি কমিশনের কাছে। তাঁদের বক্তব্য হচ্ছে ক্রিকেটারদের মাদক-বিরোধীর সবকিছু রীতিমতো ক্লাস করিয়ে বোঝানো হয় ক্রিকেটারদের। নথিপত্রের ব্যাপারে প্রশিক্ষণও দেওয়া হয়। তাই রাসেলের এ ধরনের কথাবার্তা হচ্ছে নিজের দায়িত্বের চূড়ান্ত অবহেলা।