'১৫০ কিমি গতিতে বল করতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

বসুন্ধরা সিটিতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে তিনি ছিলেন ক্রিকেটারদের প্রতিনিধি। স্বপ্নাতুর চোখে তাকিয়ে ছিলেন ট্রফির দিকে। তাসকিন আহমেদ শোনালেন তাঁর স্বপ্নের কথাও। বাংলাদেশ দলের হালের আলোচিত পেসারের সঙ্গে কথা বলেছেন আরিফুল ইসলাম
:বিলবোর্ড-বিজ্ঞাপনে সাম্প্রতিক সময়ে বেশ দেখা যাচ্ছে আপনাকে। কেমন লাগে নিজেকে বিলবোর্ডে দেখতে?
তাসকিন আহমেদ: খুব বেশি না, কয়েকটা মাত্র বিলবোর্ড করা হয়েছে। একদিনই মাত্র ফটোশ্যুট হয়েছিল। এর পরই বিসিবি নিয়ম করল যে অনুমতি নিয়ে বিজ্ঞাপন করতে হবে। আমিও বলেছি, আর দরকার নেই। হ্যাঁ, নিজেকে ওভাবে দেখতে ভালোই লাগে। আর একদিন সবকিছুতেই নিজেকে দেখতে চাই। ক্রিকেট মাঠে বা বাইরে যা-ই করি, সব ক্ষেত্রেই সেরা হওয়ার ইচ্ছা।
:মনে হয় না, তারকা খ্যাতিটা একটু দ্রুতই পেয়ে গেলেন!
তাসকিন: আমি নিজেকে তারকা ভাবি না। দুই ম্যাচেই কেউ তারকা হয় না। দুই ম্যাচে ৭ উইকেট পেয়ে বড় ক্রিকেটার হওয়া গেলে তো কাজই হতো! বলতে পারেন, লোকের ভালোবাসা পেয়েছি খুব দ্রুতই। এদিক থেকে আমি খুব সৌভাগ্যবান। তবে প্রচণ্ড চাপও আছে। শুরুতেই ভালো করেছি বলে লোকে আরও ভালো কিছু চায়। আমিও ভালো করতে চাই। ভালো ক্রিকেটার, ভালো মানুষ...সব মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ হতে চাই।
:এই ফটোশ্যুট, গ্ল্যামার জগতের ছোঁয়া, খ্যাতি, এত দ্রুত সবকিছু হচ্ছে, ক্রিকেটে মনযোগে ব্যঘাত ঘটবে না তো!
তাসকিন: সত্যি বলতে, এসবে আমার আগ্রহ নেই। ভারত সিরিজের পর অনেক অনেক বিজ্ঞাপন, মডেলিং, টিভিসির প্রস্তাব পেয়েছি, এখনো পাচ্ছি। সবাইকে ফিরিয়ে দিয়ে বলেছি, ‘আমাকে খেলতে দিন, একটা পর্যায়ে যেতে দিন। তারপর ভাবলে ভাবা যাবে।’ শখ করে কেবল এই দু-একটা করেছি, সেটাও খুব উপভোগ করিনি। আমার ভালোলাগা-ভালোবাসা, সবই ক্রিকেট। আমার চিন্তাভাবনায় ক্রিকেট ছাড়া আর কিছু নেই।
:ক্রিকেটে ফেরা যাক। অভিষেকে ৫ উইকেট, বাংলাদেশের রেকর্ড, এমন শুরু কি ভাবতে পেরেছিলেন কখনো?
তাসকিন: সব সময় স্বপ্ন ছিল একদিন জাতীয় দলে খেলব। প্রথম ম্যাচে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু ৫ উইকেট স্বপ্নেও ভাবিনি। আরেকটা ব্যাপার, প্রথম যেদিন বাংলাদেশের হয়ে খেলতে নামলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে, প্রথম বলটি করার আগে দেখি গোটা স্টেডিয়াম ‘তাসকিন, তাসকিন’ বলে চিৎকার করছে। শিহরিত হয়ে গিয়েছিলাম। এই মুহূর্তগুলোই বড় প্রাপ্তি! এটা কখনো ভুলব না।
:অভিষেকের ৫ উইকেটের আনন্দ তো মিইয়ে গিয়েছিল দল ৫৮ রানে অলআউট হওয়ায়!
তাসকিন: সেদিনের উইকেট আসলে ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল। আমি একসময় ভুলেই গিয়েছিলাম যে ৫ উইকেট পেয়েছি। ব্যক্তিগত পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। কিন্তু দলের জয়-পরাজয়ই আসল। এটাও একটা শিক্ষা। ক্রিকেটের দুটো দিক দেখা হলো দ্রুত।
:আপনার গতি ভালো, লেংথও। সুইং করাতে পারেন দুই দিকে। নিজের সবচেয়ে শক্তির জায়গা মনে করেন কোনটিকে?
তাসকিন: গতির কথাই বলব। সুইং-টুইং তো আছেই। কিন্তু ফাস্ট বোলারদের জন্য গতি আর জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো গতিতে ঠিক জায়গায় বল করতে পারলে ব্যাটসম্যান ভুগবেই।
:দুই দিকে সুইং করানোর ক্ষমতা কি আপনার সহজাত?
তাসকিন: ইনকাটার অনেকটা ন্যাচারাল। আউট সুইং নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ দিনে দিনে আরও উন্নতি হবে।
:নিকট ভবিষ্যতে নতুন আর কী কী যোগ করতে চান বোলিংয়ে?
তাসকিন: গতির সঙ্গে কখনোই আপস নয়। গতি আরও বাড়াতে হবে, কমানো যাবে না। আমার স্বপ্ন, একদিন ১৫০ কিলোমিটার গতিতে বল করতে চাই। এখনই ১৪০ কিমির আশপাশে বল করছি, দু-একটি ডেলিভারি ১৪৪-১৪৫ হয়ে যায়। তাহলে ১৫০ কেন পারব না!
:আপনার চোটের সময়টার কথা বলুন। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে, একা একা অনুশীলন...কেমন ছিল সময়টা?
তাসকিন: খুব কঠিন, খুব কষ্টের। দেড় বছর মাঠের বাইরে থাকতে হয়েছে। স্রেফ রিহ্যাব করেছি, জিম, রানিং...বল হাতে নিতে পেরেছি ৮ মাস পর। মাঝে মাঝে খুব মন খারাপ হতো, আর কখনো বুঝি ফিরতে পারব না! তবে নিজেকে বুঝিয়েছি অসম্ভব বলে কিছু নেই। একদিন সুসময় আসবে, এই আশায় কষ্ট করে গেছি।
:কঠিন সময়ে সবচেয়ে বেশি পাশে পেয়েছেন কাকে?
তাসকিন: বোর্ডের কথা বলব। বিসিবি আমাকে খুব ভালোভাবে সামলেছে। সার্জারি লাগেনি, অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে। সময় নিয়ে রিহ্যাব করিয়েছে অস্ট্রেলিয়ান ফিজিও-ট্রেনারের পরামর্শে। এখনো বিসিবির সূচিমতোই ফিটনেস ট্রেনিং, বোলি, রানিং জিম করছি। পরিচর্যা আমি খুব ভালোই পেয়েছি, পাচ্ছি।
:বাংলাদেশের পেসারদের চোটের ইতিহাস খুব ভালো নয়। মাশরাফি, তালহা, রুবেল...আপনারও এত বড় চোট ক্যারিয়ারের শুরুতেই, ভয় লাগে না?
তাসকিন: আগে লেগেছে। এখন আর নেই। পেসারদের ইনজুরি হবেই। একই সঙ্গে বলব, বিসিবি আমার খুব ভালো যত্ন নেওয়ায় এর প্রতিদান দিতে চাই। একদিন দলের সবচেয়ে ফিট ক্রিকেটার হব ইনশাল্লাহ।
:এখনো তো টেস্ট খেলার মতো ফিট নন, কবে নাগাদ খেলতে পারবেন?
তাসকিন: আরও দু-তিন মাস তো লাগবেই। তবে তাড়াহুড়া নয়। পুরো ফিট হয়ে টেস্টে নামতে চাই। টেস্ট ক্রিকেটটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
:মাশরাফির সঙ্গে নিশ্চয়ই অনেক কথা হয় চোট নিয়ে?
তাসকিন: সবকিছু নিয়েই কথা হয়। আমাকে সব সময় বলেন কোনটা করা উচিত, কোনটা নয়। নিজের ভুল থেকে আমাকে সাবধান করেন। মাঠের বাইরে চলাফেরা, লাইফস্টাইল—সব ব্যাপারেই মাশরাফি ভাই আমাকে নিজের ভাইয়ের মতো পরামর্শ দেন।
:আদর্শ তাহলে মাশরাফিই?
তাসকিন: অবশ্যই। ক্রিকেটার হিসেবে যেমন, তেমনি মানুষ হিসেবেও। ছোট থেকে বোলার মাশরাফির ভক্ত ছিলাম, কাছাকাছি আসার পর আরও বেশি ভক্ত হয়েছি। ওনার সবকিছুই অনুসরণীয়। আর বোলার হিসেবে দেশের বাইরে আদর্শ মরনে মরকেল।
:শুরুটা তো ভালো হলো, সামনে কী অপেক্ষায়?
তাসকিন: সামনের প্রতিটি ম্যাচ, প্রতিটি বল গুরুত্বপূর্ণ। যে তিনটি ম্যাচ খেলেছি, ভালো করেছি। কিন্তু ওটা এখন অতীত। ২২ গজে বল হাতে নিলে দেশের কথাই সবচেয়ে বেশি মনে থাকে। প্রতিটি বল জান দিয়ে করতে চাই। এমনকি কোনো প্র্যাকটিস সেশনেও বোলিং ভালো না হলে মুষড়ে পড়ি। ভাবি, কেন এমন হলো, ভুলটা কোথায়?
:ক্যারিয়ার নিয়ে স্বপ্ন, লক্ষ্য?
তাসকিন: বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে খেলতে চাই দাপটে। বাংলাদেশকে বিশ্বসেরার কাতারে দেখার স্বপ্ন আছে। নিজে বিশ্বের এক নম্বর বোলার হতে চাই। বাংলাদেশের ফাস্ট বোলার হয়েও যে সেটা সম্ভব, দেখিয়ে দিতে চাই একদিন।