'২০১৫'-এর প্রেরণা নিয়ে সুদূরে চোখ মাহমুদউল্লাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের শুরুতে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। বছর শেষের বিপিএলেও হেসেছে মাহমুদউল্লাহর ব্যাট। ফাইল ছবি
বছরের শুরুতে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। বছর শেষের বিপিএলেও হেসেছে মাহমুদউল্লাহর ব্যাট। ফাইল ছবি

২০১৫ চলে গেছে পেছনের পাতায়। তবে ওই পাতায় বড় বড় হরফে লেখা বাংলাদেশের অনেক সাফল্য। সামনের পাতাগুলো খালি। বাংলাদেশ দলের সুযোগ, এ পাতাও সাফল্যে ভরে ফেলা। মাহমুদউল্লাহর চাওয়াও তা-ই। এখানে যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট, সেটি আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান অসাধারণ একটি বছর কাটানো মাহমুদউল্লাহ।


বিপিএলের পর সপ্তাহ দু-একের বিরতিতে আবারও মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সরগরম। খেলোয়াড়েরা ফিরেছেন প্রিয় মাঠে। নির্বাচকেরা বসছেন স্কোয়াড তৈরির টেবিলে। কর্মব্যস্ততা বেড়েছে সাংবাদিকদের।

ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে প্রথম দিন সীমাবদ্ধ ছিল ফিটনেস ট্রেনিংয়ে। সাকিব আল হাসান ও ইমরুল কায়েস ছাড়া উপস্থিত ছিলেন বাকি সবাই। স্ত্রী-কন্যার সঙ্গে সময় কাটাতে সাকিব এখন যুক্তরাষ্ট্রে। নাকের অস্ত্রোপচারের কারণে আসতে পারেননি ইমরুল।

অনুশীলনের এক ফাঁকেই কথা বললেন মাহমুদউল্লাহ। বছরের শুরুর দিকে বিশ্বকাপে টানা দুটো সেঞ্চুরি এসেছিল যাঁর ব্যাটে। ২০১৫-এর সাফল্যের পর নতুন বছরের শুরুতে আশা দেখালেন আরও দারুণ কিছু করার, ‘সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা এখন আমাদের দায়িত্ব। এখান থেকে পেছানোর সুযোগ নেই আমাদের। আরও সামনে এগিয়ে যাওয়ার সময় এখন। আরও পরিশ্রম করে আমরা এগিয়ে যেতে পারি।’

আগের বছর বেশির ভাগ সাফল্য এসেছে ওয়ানডেতে। কিন্তু এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। ক্রিকেটের ছোট সংস্করণ এখনো বাংলাদেশের কাছে বিরাট গোলকধাঁধা। টি-টোয়েন্টিতে সাফল্য আসেনি বলার মতো। গত বছর ১৮ ওয়ানডেতে যেখানে ১৩টিতে জয়, সেখানে ৫টি-টোয়েন্টিতে ছিল মাত্র দুটো জয়। জিম্বাবুয়ের কাছেও টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। তবে পেছনের ব্যর্থতা ভুলে মাহমুদউল্লাহ আশার কথাই শোনাচ্ছেন, ‘এ বছর অনেকগুলো টি-টোয়েন্টি হবে। প্রথম টি-টোয়েন্টি সিরিজ, এরপর এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। আশা করি বিশ্বকাপের আগে আমরা ভালো প্রস্তুতি নিতে পারব। তবে সবগুলো সিরিজ-টুর্নামেন্টে ভালো করার চেষ্টা করব।’

টেস্ট, ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ নিজেও খানিকটা অনুজ্জ্বল। ৩৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫.২২ গড়ে রান ৪১১। ফিফটি মাত্র একটি। তবে নিজেকে নতুন করে চেনানোর বছরে এবার বিপিএলেও মাহমুদউল্লাহ নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। ১৩ ম্যাচে ২৭.৯০ গড়ে রান ২৭৯। রান সংগ্রহে ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন চারে। ফিফটি ছিল দুটি।

এ পারফরম্যান্সই আত্মবিশ্বাসের রসদ হিসেবে কাজ করছে মাহমুদউল্লাহর, ‘মনে হয় না, টি-টোয়েন্টিতে আমি অতটা খারাপ খেলোয়াড়! জানি না অন্যরা কীভাবে দেখে। বিপিএলে ভালো করায় আত্মবিশ্বাস এখন অনেক ভালো। ক্রিকেট প্রতিনিয়ত নতুন নতুন অনেক কিছু শেখায়। আমাকে আরও কষ্ট করতে হবে। সে কষ্টের জন্য আমি প্রস্তুত।’

মাহমুদউল্লাহর আত্মবিশ্বাস যেন গোটা দলেরই প্রতিচ্ছবি, যেটি নতুন দিনে নতুন আশার কথাই জানান দিচ্ছে।