'৩০০'-র রেকর্ড গড়লেন মজিদ-রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরোয়া ক্রিকেটে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়লেন রনি-মজিদ। ছবি: প্রথম আলো
ঘরোয়া ক্রিকেটে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়লেন রনি-মজিদ। ছবি: প্রথম আলো

রানের ফোয়ারা ছোটানো রনি তালুকদারের ‘নেশা’ হয়ে উঠেছে! জাতীয় লিগে আগের ম্যাচে বরিশালের বিপক্ষে খেললেন ২২৭ রানের ইনিংস। ভেন্যু-প্রতিপক্ষ বদলালেও রনি আছেন আগের মতোই। ফতুল্লায় আবারও হেসে উঠেছে তাঁর ব্যাট। রনির সঙ্গে জ্বলে উঠেছেন উদ্বোধনী সঙ্গী আব্দুল মজিদ। দুজনের রেকর্ড জুটিতে আজ ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম দিনে ঢাকা বিভাগের সংগ্রহ ২ উইকেটে ৩৬০।
মজিদ অপরাজিত ছিলেন ১৭৩ রানে। ইলিয়াস সানির বলে ফেরার আগে রনির সংগ্রহ ১৬৩ রান। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৩১৪ রান। ঘরোয়া ক্রিকেটে উদ্বোধনী জুটিতে এটিই সর্বোচ্চ রান। এর আগের রেকর্ডটি ছিল মিজানুর রহমান-জুনায়েদ সিদ্দিকের। ২০১২-১৩ মৌসুমে বরিশালের বিপক্ষে রাজশাহীর দুই ওপেনার করেছিলেন ২৬৭ রান। উদ্বোধনী জুটিতে প্রথম ৩০০ পেরোনো রেকর্ড গড়লেন মজিদ-রনি।
ঘরোয়া ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার রেকর্ডও আবদুর রাজ্জাকের আছে। জাতীয় ক্রিকেট লিগে আগের ম্যাচেও সিলেটের বিপক্ষে পেয়েছেন ৭ উইকেট। আজ বরিশালের বিপক্ষে পেলেন ৮ উইকেট। বিশ্বকাপ দলে উপেক্ষিত থাকার পর নিজেকে অন্যভাবে চেনাতে যেন মরিয়া এ বাঁহাতি স্পিনার! রাজ্জাকের ভেলকিতে বিকেএসপির ২ নম্বর মাঠে প্রথম দিনে বরিশালকে প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট করেছে খুলনা।
ব্যাট করতে নেমে দিন শেষে খুলনার সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। রাজ্জাকের দল এখনো পিছিয়ে ১৯৮ রানে। দিন শেষে ইমরুল কায়েস অপরাজিত ১১ ও তুষার ইমরান ১ রানে। মোসাদ্দেক হোসেনের বলে ফেরার আগে ওপেনার অমিত মজুমদারের সংগ্রহ ৩০। সোহাগ গাজীর বলে এলবিডব্লুর শিকার হওয়ার আগে অপর ওপেনার রবিউল ইসলাম রবির সংগ্রহ ২৬ রান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই হয়। কিন্তু হুট করে রাজ্জাকের ভেলকিতে যেন পথ হারিয়ে ফেলে বরিশাল। ২ উইকেটে ১০৫ থেকে ৫ উইকেটে ১২৯—২৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। এরপর ফজলে মাহমুদ-আল আমিনের ষষ্ঠ উইকেটে ৯৪ রান এলেও রাজ্জাকের ঘূর্ণি-বিষ থেকে নিস্তার মেলেনি! দুজনই রাজ্জাকের শিকার। ফেরার আগে ইনিংসের সর্বোচ্চ ৮৫ এসেছে ফজলের ব্যাট থেকে আর ৬৪ করেছেন আল আমিন। বরিশালের শেষ ৪৮ রানে পড়েছে অবশিষ্ট ৫ উইকেট।
বিকেএসপির ৩ নম্বর মাঠে সিলেটের বিপক্ষে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ২৯৭ রান। মিরপুরে প্রথম দিনে রাজশাহীর বিপক্ষে ২০৯ রান অলআউট হয়েছে চট্টগ্রাম। রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা পেয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট।