'৫৯৫' মনে করিয়ে দিলেন মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হাসান মিরাজ: ১৬৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট
মেহেদী হাসান মিরাজ: ১৬৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট

বাংলাদেশের বোলারদের আরও একটি দুঃস্বপ্নের দিন গেল। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনটা ভালো যায়নি মেহেদী হাসান মিরাজেরও। নামের পাশে দুটি উইকেট যোগ হয়েছে ঠিকই, তবে সেটি ১৬৫ রানের বিনিময়ে। একেকটি উইকেট পেতে বাংলাদেশের বোলারদের থাকতে হয়েছে তৃষিত অপেক্ষায়। অথচ ভারতীয় ব্যাটসম্যানরা এগিয়েছেন কত অনায়াসে! ভারতের ৬৮৭ রানের জবাব দিতে পারবে বাংলাদেশ?
তবে কোহলিরা যতই রানের এভারেস্ট গড়ুন মিরাজ তাতে ভড়কে যাচ্ছেন না। ভারতকে পাল্টা জবাব দিতে ১৯ বছর বয়সী অফ স্পিনার কিন্তু প্রত্যয়ী, ‘আমি বিশ্বাস করি, আমাদের দলে সিনিয়র খেলোয়াড় যাঁরা আছেন তাঁরা যদি ভালো খেলতে পারেন তাহলে দলের বড় স্কোর হবে।’ কিন্তু কীভাবে? মিরাজ মনে করিয়ে দিলেন ওয়েলিংটন টেস্ট, যেটিতে বাংলাদেশ করেছিল ৫৯৫ রান। হায়দরাবাদে কি সেটির পুনরাবৃত্তি সম্ভব? মিরাজ আশাবাদী, ‘আমরা নিউজিল্যান্ডে দেখেছি (বড় স্কোর গড়া)। একটা ম্যাচে আমরা অনেক রান করেছি। দুই-তিনটা বড় ইনিংস এলে এই রানের (ভারতের) জবাব দেওয়া সম্ভব।’
শুধু বললে হবে না, করেও দেখাতে হবে। ওয়েলিটংন টেস্টে বাংলাদেশ রানের পাহাড় গড়েছিল প্রথম ইনিংসে। কিন্তু হায়দরাবাদে বাংলাদেশকে ব্যাটিং করতে হচ্ছে প্রতিপক্ষের রানের বোঝা মাথায় নিয়ে। তবে গত দুই দিন ২২ গজে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে নিগ্রহের শিকার হওয়ার পরও চিড় ধরেনি মিরাজের আত্মবিশ্বাসে, ‘আমাদের আত্মবিশ্বাস আছে। টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাটিং করে, আমাদের বিশ্বাস আছে এই পর্যায়েও বড় রান করতে পারি। সেটি করতে পারলে আমরা ম্যাচে ফিরতে পারব।’
প্রথম ইনিংসে ভারতকে আটকানোর অনেক সুযোগই পেয়েছে বাংলাদেশ। কিন্তু বাজে ফিল্ডিংয়ের রোগটা জেঁকে বসেছে এই টেস্টেও। উইকেটের পেছনে সবচেয়ে হাস্যকর ভুলটা করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তাইজুল ইসলামের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন ঋদ্ধিমান সাহা। অনেক সময় পেয়ে দুবারের চেষ্টাতেও মুশফিক তাঁকে স্টাম্পড করতে পারেননি। ৪ রানে বেঁচে যাওয়া ঋদ্ধিমান শেষ পর্যন্ত ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন।
তবে মুশফিক কিংবা ফিল্ডারদের ভুলগুলো খেলারই অংশ মনে করছেন মিরাজ, ‘কিছু মিস হলে একটু খারাপ লাগেই। তবে বড় কিছু মনে হয় না। চেষ্টা করা হয়েছে, হয়নি। অধিনায়ক সব সময়ই আমাদের সমর্থন করেন। বাজে বোলিং করলে সামনে এসে আমাদের সঙ্গে কথা বলেন। অধিনায়ক-সিনিয়র খেলোয়াড় সবাই অনেক সহায়তা করেন।’
বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের মধ্যে মিরাজ কিছুটা ব্যতিক্রমী উদাহরণ। শর্ট কাভারে ঝাঁপিয়ে পড়ে হাতে জমিয়েছেন অজিঙ্কা রাহানের ক্যাচটি। দুর্দান্ত এই ক্যাচ বেশ আত্মবিশ্বাসী করেছে তাঁকে, ‘যখন উইকেট পড়ছিল না, মনে মনে ভাবছিলাম হাফ চান্সকে যদি কাজে লাগাতে পারি দলের জন্য ভালো হবে। সেটা ক্যাচ হতে পারে, রানআউটও হতে পারে। সেভাবেই নিজেকে প্রস্তুত করেছিলাম। এ সময় তেমনই একটা ক্যাচ এসে গেল।’
বোলিংয়ে যা হওয়ার হয়েছে। এখন ব্যাটিংয়ে ভালো করে পেছনের ব্যর্থতা পুষিয়ে দিতে চান মিরাজ, ‘রান করলে আত্মবিশ্বাস বাড়বে। এখনো টেস্টে বড় স্কোর করতে পারিনি। আমি যেখানে খেলি সেটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। চেষ্টা করব ওখানে কিছু রান করার জন্য।’
মিরাজ একা নন, হায়দরাবাদ টেস্ট থেকে ভালো কিছু পেতে হলে ‘চেষ্টা’ করতে হবে পুরো বাংলাদেশ দলকেই।