'৮-০' ভুলে লড়াইয়ের প্রতিশ্রুতি জিম্বাবুয়ের

ওয়ানডেতে ৫-০। টেস্টে ৩-০। দুই সংস্করণে ৮-০ ব্যবধানে হারের লজ্জা নিয়ে গত বছর বাংলাদেশ থেকে ফিরতে হয়েছিল জিম্বাবুয়েকে। তা-ই নয়, জয়হীন ছিল দুটি প্রস্তুতি ম্যাচেও। তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হলেও, জিম্বাবুয়ে বিশাল ব্যবধানে হেরেছিল বিসিবি একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচও। এবার অবশ্য শুরুটা দারুণই হলো জিম্বাবুয়ের। এলটন চিগুম্বুরা বিসিবি একাদশের বিপক্ষে পাওয়া জয়ের ধারা অব্যাহত রাখতে চান ওয়ানডে সিরিজেও।
জিম্বাবুয়ে অধিনায়ক জানালেন, গত বারের সঙ্গে এবারের পার্থক্য অনেক। গত বার সফরজুড়েই জিম্বাবুয়ে ছিল জয়হীন, এবার জয় দিয়ে শুরু। এ কারণে দারুণ কিছু করার আত্মবিশ্বাস চিগুম্বুরার কণ্ঠে, ‘এটা দারুণ শুরু। গতবারের সঙ্গে যদি এবারের তুলনা করি, গত বছর একটি ম্যাচও জয় পাইনি; এমনকি প্রস্তুতি ম্যাচও। আগামীকালের প্রথম ওয়ানডে খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চিত করতে হবে, গতকাল (প্রস্তুতি ম্যাচে) যেটা করেছিলাম, আগামীকালও সেটাই যেন করতে পারি।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশে এল জিম্বাবুয়ে। এখানেও বহুদিন ধরে সাফল্য নেই তাদের। গতবারের ধবলধোলাইয়ের স্মৃতি তো টাটকাই। তবে তিক্ত অভিজ্ঞতা ভুলে সামনেই তাকাতে চান জিম্বাবুয়ে অধিনায়ক, ‘আফগানিস্তান এখন অতীত। ঘরের মাঠে বাংলাদেশ দারুণ দল। দুই দলই চায় জিততে। কাজেই এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। সর্বশেষ সিরিজের পাল্টা জবাব দিতে হবে আমাদের। আমাদের সেরাটাই দিতে হবে। বাংলাদেশের চেয়ে ভালো খেলতে হবে।’
জয় এমনই এক শব্দ, যা মুহূর্তেই বদলে দেয় একটি দলের চেহারা, বদলে দেয় শারীরিক ভাষাও। প্রস্তুতি ম্যাচে জয়ের পর জিম্বাবুয়ে দলকে দেখা যাচ্ছে তেমনই। অবশ্য আসল পরীক্ষা শুরু কাল। জিম্বাবুয়ে কতটা জবাব দিতে পারে, সেটিই দেখার।