'৯৫' কি বাংলাদেশের কুফা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়বড়ে নব্বইয়ে কাটা পড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় সর্বশেষ সংযোজন এনামুল। ছবি: শামসুল হক
নড়বড়ে নব্বইয়ে কাটা পড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় সর্বশেষ সংযোজন এনামুল। ছবি: শামসুল হক

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এনামুল হক ফিরলেন ৮০ রানে। আজ মিরপুরে তৃতীয় ওয়ানডেতে এনামুল ফিরলেন আক্ষেপটা আরও বাড়িয়ে! মাত্র ৫ রানের জন্য শতরানের স্বাদ পেলেন না এ ওপেনার। ওয়ানডেতে নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েছেন মোট ১১ বাংলাদেশি ব্যাটসম্যান। এর মধ্যে সর্বোচ্চ তিন ব্যাটসম্যান ফিরেছেন ৯৫ রানে!
৯৫ রানে ফিরেছেন শাহরিয়ার হোসেন, তামিম ইকবাল আর আজ এনামুল। ১৯৯৯ সালে মেরিল ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে কেনিয়ার বিপক্ষে শাহরিয়ার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে কাটা পড়েছিলেন নড়বড়ে নব্বইয়ে। আর তামিম ২০১০-এর ডিসেম্বরে চট্টগ্রামে, এই জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্টে তামিম একবারই নব্বইয়ের ঘরে গিয়ে ফিরেছেন, সেটাও ৯৫ রানে! গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে।
ওয়ানডেতে এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ৯৯ রানে আউট হননি। ২০০৯ এর আগস্টে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে প্রাইসের শিকার হয়ে মুশফিকুর রহিম ফিরেছিলেন ৯৮ রানে। সেঞ্চুরির সবচেয়ে কাছাকাছি গিয়ে ফেরার ক্ষেত্রে মুশফিকই এগিয়ে। শুধু তা-ই নয়, নব্বইয়ের ঘরে গিয়ে তিনিই সর্বোচ্চ দুবার ফিরেছেন। আরেকবার ৯০ রানে। টেস্টেও মুশফিকের নড়বড়ে নব্বইভীতি রয়েছে। দুবার ফিরেছেন নব্বইয়ের ঘরে গিয়ে।
২০১০–এর জুনে ডাম্বুলায় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে শোয়েব আখতারের বলে ফেরার আগে জুনায়েদ সিদ্দিকীর সংগ্রহ ছিল ৯৭ রান। গত বছর নভেম্বরে ফতুল্লায় নিউজিল্যান্ডের বিপক্ষে শামসুর রহমান ফিরেছিলেন ৯৬ রানে। ২০০৫ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ আশরাফুল ফিরেছিলেন ৯৪ রানে। ২০১১–এর এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমরুল কায়েসের সংগ্রহ ছিল ৯৩ রান। এ ছাড়া ২০০৭-এ জিম্বাবুয়ের বিপক্ষে আফতাব আহমেদ ফিরেছিলেন ৯২ ও ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে শাহরিয়ার নাফিস রানআউটে কাটা পড়ার আগে করেছিলেন ৯১ রান।