'আবারও ইংল্যান্ডকে চমকে দিতে পারে বাংলাদেশ'

কাল শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেরাদের এ লড়াই। সে ম্যাচের আগে দুই প্রস্তুতি ম্যাচের হার আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে বাংলাদেশের। তবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার হাল ছাড়ছেন না। তাঁর ধারণা, আরও একবার ইংল্যান্ডকে হারাতেই পারে বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আইসিসির ওয়েবসাইটে নিয়মিত কলাম লিখছেন বাংলাদেশ দলের নির্বাচক। সেখানেই বাংলাদেশকে নিয়ে আশাবাদ জানিয়েছেন হাবিবুল। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করাটাই গুরুত্ব পাচ্ছে তাঁর কাছে, ‘প্রথম ম্যাচ সব সময় খুব গুরুত্বপূর্ণ। যেহেতু গ্রুপে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াও আছে। তাই ভালো শুরু পাওয়া খুব জরুরি। না হলে খুব কঠিন হয়ে যাবে টুর্নামেন্টে টিকে থাকা।’
আইসিসির টুর্নামেন্টে সর্বশেষ যে দুবার দেখা হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের, দুবারই বাংলাদেশ জয় পেয়েছে। তবে প্রথম ম্যাচটি ছিল বাংলাদেশে। অন্যটি অস্ট্রেলিয়ায়। সে তুলনায় এবার সেটা করা কঠিন। ইংল্যান্ড খেলবে নিজ মাটিতে। এই ইংল্যান্ড দলও ভিন্ন এক দল। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ বাংলাদেশের অধিনায়কত্ব করা হাবিবুলের ধারণা, এই কঠিন চাপও পার করে আসতে পারবে বাংলাদেশ, ‘বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জয় অবশ্যই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। আবারও কি তেমন কিছু করা সম্ভব? আমার ধারণা সম্ভব। ইংল্যান্ড আগের তুলনায় অনেক ভালো, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব বলেই আমার ধারণা। ইংল্যান্ডকে হারানো সহজ হবে না, ওরা দারুণ ক্রিকেট খেলছে। ২০১৫ বিশ্বকাপের দল থেকে এটা সম্পূর্ণ ভিন্ন এক দল। ওরা খুব আকর্ষণীয় ও ভয়ডরহীন ক্রিকেট খেলছে। আর ইংল্যান্ডে এসে ইংল্যান্ডকে হারানো সব সময় কঠিন। কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইলে সেরাকে হারাতে হবে। আর বাংলাদেশও জানে, তাদের নিজেদের সেরাটা দিতে হবে টুর্নামেন্টজুড়ে।’
সেরাটা দেওয়ার জন্য যথেষ্ট অনুপ্রেরণা সঙ্গী হচ্ছে বাংলাদেশের। কারণ, স্বাগতিক হলেও সমর্থনে যে পিছিয়ে থাকবে না বাংলাদেশ। হাবিবুল লিখেছেন, ‘উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দুই দলেরই সমর্থন থাকবে প্রচুর। ইংল্যান্ড স্বাগতিক হতে পারে, কিন্তু অনেক বাংলাদেশিই ওভালে আসবেন খেলা দেখতে। বাংলাদেশের খেলোয়াড়দের ঘুণাক্ষরেও মনে হবে না যে তারা দেশে নেই।’
এটাই হাবিবুলকে আশাবাদী করে তুলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে জয় যেমন দেখিয়ে দিয়েছে, ইংলিশ কন্ডিশনেও বাংলাদেশ জিততে পারে। তাই হাবিবুলের আশা, ‘বাংলাদেশ ধীরে ধীরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে। এটা সত্যি, যে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে, সে দলের অনেকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন না। কিন্তু যেকোনো জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ইংল্যান্ড এগিয়ে থেকে ম্যাচ শুরু করবে। কিন্তু ক্রিকেট সব সময় পরিসংখ্যান ও বিশেষজ্ঞদের ভুল প্রমাণ করার উপায় খুঁজে নেয়। আমি নিশ্চিত, দুর্দান্ত এক ম্যাচ দেখব। আশা করি, বাংলাদেশই শেষ হাসি হাসবে।’ সূত্র : আইসিসি ওয়েবসাইট।