'ভারতের সাধ্য নেই' - ওয়ার্নের কথার কথা

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাধ্য নেই শেন ওয়ার্নকে চাহিদা অনুযায়ী বেতন দেওয়ার! কিছুদিন আগে নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। ওয়ার্ন কি কোচ হবেন কোহলিদের—প্রশ্নটার জবাবে অস্ট্রেলীয় স্পিন কিংবদন্তির অমন উত্তরে বেশ হইচই হয়েছে। ওয়ার্ন পরে টুইট করেছেন, এটা ছিল শুধুই কথার কথা। ব্যাপারটা পত্রিকা পর্যন্ত যাবে, সেটা নাকি বোঝেনইনি ওয়ার্ন! তাঁর অনানুষ্ঠানিক একটি মন্তব্যকে ফুলিয়ে ফাঁপিয়ে সংবাদ বানানোকে ওয়ার্ন বলেছেন ‘হতাশাজনক সাংবাদিকতা’।
ভারতীয় দলের কোচ হিসেবে বিসিসিআইকে জীবনবৃত্তান্ত পাঠানোর শেষ তারিখ ছিল ৩১ মে। দেশি-বিদেশি বেশ কয়েকজন তারকা কোচ আবেদন করেছেন। এঁদের মধ্য বর্তমান কোচ অনিল কুম্বলে তো আছেনই। ডোড্ডা গণেশ, লালচাঁদ রাজপুত, বীরেন্দর শেবাগ, ক্রেগ ম্যাকডারমট, রিচার্ড পাইবাস ও টম মুডিরাও নাকি আবেদন করেছেন।
এর মধ্যে কাল ভারতের মিড-ডেতে ওয়ার্নকে উদ্ধৃত করে একটি খবর প্রকাশিত হয়। সেখান থেকেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
ওয়ার্ন পর পর দুটি টুইট করে পরিষ্কার করেছেন পুরো বিষয়, ‘আমি লিফটে ছিলাম। সেখানেই একজন জানতে চাইল কোচ হতে চাই কি না। কথার কথা হিসেবে বললাম, আমার যা বেতন, তা দেওয়ার সাধ্য ভারতের নেই। আমি আর কোহলি একসঙ্গে ভালোভাবে কাজ করতে পারতাম, এটা পুরো বানোয়াট উদ্ধৃতি। আমি এমনটা কাউকে বলিনি। খুবই হতাশাজনক সাংবাদিকতা।’ সূত্র: ডিএনএ।