'৮৩ ফিরলে তবেই জিতবে নিউজিল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাককালাম নিশ্চয় চেয়ে থাকবেন বোল্টদের দিকেই।ছবি: রয়টার্স
ম্যাককালাম নিশ্চয় চেয়ে থাকবেন বোল্টদের দিকেই।ছবি: রয়টার্স

এমসিজিতে বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সংগ্রহটা বলার মতো হয়নি। ৪৫ ওভারে ১৮৩ রানেই গুটিয়ে গিয়েছে কিউইদের ইনিংস। ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালের পর একবারই প্রথমে ব্যাট করা দল ২০০ রানের নিচে অলআউট হয়েছিল। ১৯৯৯ সালে পাকিস্তান অলআউট হয়েছিল ১৩২ রানে। ম্যাচটাও হেরেছিল যাচ্ছেতাইভাবে। কাজেই সামান্য পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের স্বপ্নটা দেখা কঠিনই। তবে নিউজিল্যান্ডের প্রেরণা হতে পারে ১৯৮৩ বিশ্বকাপের ফাইনাল। প্রথমে ব্যাট করে বিশ্বকাপ ফাইনালে ২০০-এর নিচে রান করে একবারই জেতার রেকর্ড আছে। আর সেটি ১৯৮৩ ফাইনাল ।  

ভারতও কিন্তু সেবার প্রথম ফাইনালে উঠেছিল। লর্ডসে দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে গুটিয়ে গিয়েছিল মাত্র ১৮৩ রানে। এ লক্ষ্যটাই পেরোতে পারেনি আগের দুবারের টানা বিশ্বকাপ জেতা, স্বর্ণযুগের দলটা। ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজদের ওয়েস্ট ইন্ডিজ। সে সময় ওয়ানডে হতো আবার ৬০ ওভারের। সব অনিশ্চয়তা ফুৎকারে উড়িয়ে সামান্য পুঁজি নিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছিল কপিল দেবের ভারত। কথা হলো, নিউজিল্যান্ড পারবে’ ৮৩-এর ফাইনালকে ফিরিয়ে আনতে?

নিউজিল্যান্ডের আরেকটি প্রেরণা হতে পারে এই বিশ্বকাপেরই গ্রুপ পর্বে সেই অকল্যান্ডের ম্যাচটি। অকল্যান্ডে ওই ম্যাচে প্রথম ব্যাট করে ১৫২ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। সে ম্যাচ জিততে রীতিমত ঘাম ছুটে গিয়েছিল নিউজিল্যান্ডের। ফলে কম পুঁজির ম্যাচেও যে জেতা যায়, রান বন্যার এই বিশ্বকাপই তা দেখিয়েছে। সেটিও এই দুদলের ম্যাচেই। তা ছাড়া মেলবোর্নে ১৮৩ রানের কম করেও জেতার রেকর্ড আছে তিনটি। এটিও প্রেরণা হতে পারে কিউইদের।

তবে এগুলো কেবলই আশার কথা। বাস্তবতা ভিন্ন, আজ মেলবোর্নে নিউজিল্যান্ডের জেতাটা কঠিনই। পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে যে কোনো টুর্নামেন্টের ফাইনালে ১৩ বার মুখোমুখি হয়েছিল এই দুই দল। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে মাত্র ১টি, হার ১২টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের সেই একমাত্র ফাইনাল জয়টির ঘটনাও ৩৪ বছর আগের। এরপর টানা ১২ বারই জিতেছে অস্ট্রেলিয়া। যে কোনো টুর্নামেন্টের ফাইনালে প্রতিবেশীদের পেলে নিউজিল্যান্ড যে সব গুবলেট করে ফেলে, তার সবচেয়ে নিকট উদাহরণ ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি। সেঞ্চুরিয়নে সে ম্যাচে ২০০ রানেই গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, হেরেছিল ৬ উইকেটে।

তবে এ আশা-নিরাশার দোলাচলে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম নিশ্চয় চেয়ে থাকবেন ট্রেন্ড বোল্ট-টিম সাউদিদের দিকেই। বোলাররা দুর্দান্ত কিছু করতে পারলে মেলবোর্নে’ ৮৩-এর বিশ্বকাপ ফাইনাল ফিরে আসা অসম্ভবও নয়। ভারতকে যেমন দুর্দান্তভাবে জিতিয়েছিলেন মহিন্দর অমরনাথেরা!