রোনালদোর কর্মকাণ্ডে বিরক্ত সাবেক ইউনাইটেড তারকা
ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্লাবটির হারানো জৌলুশ ফিরিয়ে আনতে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। গত মৌসুমে রোনালদো ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ গোল করলেও পয়েন্ট টেবিলে ষষ্ঠ হয়ে সন্তুষ্ট থাকতে হয় ইউনাইটেডকে। যে কারণে চ্যাম্পিয়নস লিগেও খেলা হবে না রেড ডেভিলদের। তাই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চিন্তা বাদ দিয়ে চুক্তি শেষ হওয়ার আগেই পর্তুগিজ উইঙ্গার ক্লাব ছাড়তে চেয়েছিলেন। সে চাওয়া এখনো পূরণ হয়নি।
রোনালদোর বয়স, উচ্চ বেতন ও পারফরম্যান্স—এসব সমীকরণ মেলাতে না পেরেই সম্ভবত তাঁকে দলে ভেড়ানোর হাতছানি দেয়নি কোনো ক্লাব। বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি, এমনকি রোনালদোর নতুন গন্তব্য হিসেবে শোনা গেছে আতলেটিকো মাদ্রিদের নামও। কেবল চ্যাম্পিয়নস লিগ খেলতে নাকি তাঁর আঁতুড়ঘর স্পোর্তিং লিসবনেও ফিরবেন—এমন গুঞ্জনও ছিল। তবে একটা সম্ভাবনাও টেকেনি।
আশা করছি, সে থাকবে, কিন্তু সত্যি বলতে আমি তাকে নিয়ে হতাশ। দলবদল নিয়ে সে কী ভাবছে, সত্যিকার অর্থে কী ঘটছে, পুরো বিষয়টি তার পরিষ্কার করা উচিত, তার কাছে এটা কী খুব বেশি কিছু চাওয়া হবে?
পারিবারিক কারণে ইউনাইটেডের হয়ে প্রাক্-মৌসুমে প্রথম ম্যাচগুলো খেলেননি রোনালদো। মাঠে ফিরেছিলেন রায়ো ভায়োকানোর বিপক্ষে। সে প্রীতি ম্যাচটি অবশ্য রোনালদোর জন্য খুব একটা প্রীতিকর হয়নি। প্রথমার্ধের ৪৫ মিনিটের পর কোচ এরিক টেন হাগ তাঁকে মাঠ থেকে তুলে নেন। সেই ক্ষোভেই কিনা, খেলা শেষ না হতেই স্টেডিয়াম ত্যাগ করেন। রোনালদোর এমন কাণ্ড মোটেই পছন্দ হয়নি নতুন কোচ টেন হাগের। খেলা শেষ না হতেই স্টেডিয়াম ত্যাগ করাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন এ কোচ।
শুধু কোচ নয়, রোনালদোর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল। রোনালদোর দলবদল ইস্যু নিয়ে বিরক্ত নেভিল স্কাই স্পোর্টসকে বলছেন, ‘আশা করছি, সে থাকবে, কিন্তু সত্যি বলতে আমি তাকে নিয়ে হতাশ। দলবদল নিয়ে সে কী ভাবছে, সত্যিকার অর্থে কী ঘটছে, পুরো বিষয়টি তার পরিষ্কার করা উচিত, তার কাছে এটা কী খুব বেশি কিছু চাওয়া হবে? ম্যানচেস্টার ইউনাইটেডের এ জায়গায় থাকার কথা ছিল না। পুরো বিষয়টিই খুব বিরক্তিকর।’
হারানো জৌলুশ ফেরানোর মিশনে ‘ঘরে’ ফিরেছিলেন সিআরসেভেন। পর্তুগিজ এই উইঙ্গারকে এখনো সে লক্ষ্যেই অবিচল থাকতে বলছেন নেভিল। রোনালদোর উচিত তাঁর দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। তরুণদের নিজেদের সেরাটা দিতে উৎসাহিত করা। এমনটাই মনে করেন ইউনাইটেডের সাবেক এই তারকা।
‘তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেওয়া, মাঠে সামনে থেকে নেতৃত্ব দেওয়া—এটা কী তাঁর জন্য খুব বেশি কিছু? সে গোল করুক এবং ইতিবাচক মানসিকতা নিয়ে দল ছাড়ুক। ক্লাব ও তাঁর জন্য যা ঘটছে, তা ঠিক হচ্ছে না।’
রোনালদোকে নিয়ে এমন কাণ্ড চলতে থাকলে তার প্রভাব পড়তে পারে দলেও। রোনালদোকে নিয়ে ভাবাই শুধু কোচের কাজ নয়, টেন হাগের পুরো দল নিয়ে ভাবতে হবে বলেও মনে করেন নেভিল।
এমন নাটক চলতে থাকলেও রোববার ইউনাইটেডের প্রথম ম্যাচে মাঠে দেখা যেতে পারে রোনালদোকে।