ফিফা পানিতে নামেনি, শুধু পানি ছুঁয়ে দেখেছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়ান্নি ইনফান্তিনোই এখন বলছেন উল্টো কথা! বছরখানেক ধরে দুই বছর পরপর ফুটবল বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে ফুটবল বিশ্ব তোলপাড়, ফিফা সভাপতি ইনফান্তিনোই এই পরিকল্পনার পেছনে যত কলকাঠি নাড়ছেন বলে গুঞ্জন শোনা গেছে। ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার ধারণাটা নিয়ে প্রচারণা চালিয়েছেন। পরিকল্পনাটা নিয়ে সমালোচনাও কম হয়নি!

কিন্তু কাতার বিশ্বকাপের ড্রয়ের আগে ফিফা কনফারেন্সে এসে সেই ইনফান্তিনোই বলেছেন অন্য কথা। কথার ধরনটা অনেকটা এই—ফিফা পানিতে নেমে পড়েনি, শুধু ছুঁয়ে দেখে বুঝতে চেয়েছে পানি কতটা গরম বা ঠান্ডা। দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ফিফা দেয়নি বলেই জানালেন ইনফান্তিনো। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁরা শুধুই সম্ভাব্যতা যাচাই করে দেখতে চেয়েছেন।

অবশ্য ফিফা কনফারেন্সে এসব বলে যাওয়ার কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে ইনফান্তিনোর সুরে আবার বদল। চার বছর পরপর বিশ্বকাপের পরিকল্পনা শত বছরের পুরোনো জানিয়ে বললেন, দেখা যাক কী হয়!

১০০ বছর আগে কোনো এক জ্ঞানী মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বকাপ প্রতি চার বছর পর হবে। কিন্তু সময় বদলে যাচ্ছে।
ফিফা কনফারেন্সের পর সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

গত ডিসেম্বরে ভার্চ্যুয়াল বৈশ্বিক সভায় ইনফান্তিনো দুই বছর পরপর বিশ্বকাপের প্রস্তাবের সমর্থনে কথা বলেছিলেন। সে কারণে ধারণা করা যাচ্ছিল, দোহায় ৭২তম ফিফা কনফারেন্সে এবার প্রস্তাবটা নিয়ে আরও এগোনোর চেষ্টা থাকবে ফিফার। ডিসেম্বরের সভার পর ফিফার সম্ভাব্যতা যাচাই পরীক্ষার পর বলা হয়েছিল, দ্বিবার্ষিক বিশ্বকাপ হলে ফিফা সদস্যদেশগুলোকে প্রতি ৪ বছরে বাড়তি ১ কোটি ৯০ লাখ ডলার দিতে পারবে। কিন্তু এত কিছুর পরও অনেক সদস্যদেশ প্রস্তাবের বিপক্ষে কথা বলেছে। খেলোয়াড়, খেলোয়াড়দের সংগঠন তো শুরু থেকেই এর বিপক্ষে।

এত বিরোধিতার কারণেই কিনা গত পরশু ফিফার কনফারেন্সে ইনফান্তিনোর সুর বদলে গেল, ‘এটা পরিষ্কার করে বলতে চাই, ফিফা কিন্তু দ্বিবার্ষিক বিশ্বকাপের প্রস্তাব দেয়নি। প্রক্রিয়াটা পরিষ্কার থাকুক। সর্বশেষ ফিফা কংগ্রেসে দুই বছর পরপর বিশ্বকাপ এবং আরও কিছু প্রকল্প নিয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ফিফার সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছিল, সেখানে ৮৮ শতাংশই পক্ষে ভোট দিয়েছেন। এখন আর্সেন ওয়েঙ্গারের অধীনে ফিফার প্রশাসন তা-ই করেছে—সম্ভাব্যতা যাচাই করেছে। ফিফা কোনো প্রস্তাব দেয়নি।’

কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুলআজিজ আল-থানিকে জার্সি উপহার দিয়েছেন ইনফান্তিনো
ছবি: এএফপি

সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রক্রিয়ার পরের ধাপে সব পক্ষের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন ইনফান্তিনো। কীভাবে সব পক্ষের লাভ হয়, কাকে কোন জায়গায় ছাড় দিতে হবে—এসব নিয়ে ফিফার পিরামিডের প্রতিটি ধাপ, অর্থাৎ কনফেডারেশন, অ্যাসোসিয়েশন, লিগ কর্তৃপক্ষ, ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা হবে ফিফার। ‘আমরা সবাই একসঙ্গে কাজ করব। চেষ্টা করব সবার জন্য লাভজনক হয়, এমন কিছু বের করার, এ নিয়ে বিতর্ক-আলোচনাও হবে। এখানে বড়রা আরও বড় হবে, ছোটদেরও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে,’ ইনফান্তিনোর ভাষ্য।

দুই বছর পরপর বিশ্বকাপের আলোচনার একটা উদ্দেশ্যও তুলে ধরেছেন ফিফা সভাপতি—ক্লাব ফুটবল নিয়েই বছরজুড়ে সরগরম ফুটবল বিশ্বে আন্তর্জাতিক ফুটবলের গুরুত্ব মনে করিয়ে দেওয়া! সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দিকও মনে করিয়ে দিয়েছেন, যেটি হয়তো ইউরোপিয়ান সুপার লিগ আয়োজকদের প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি বলেই মনে হতে পারে।

কনফারেন্সের পর সংবাদ সম্মেলনেও প্রশ্নের উত্তর দিয়েছেন ইনফান্তিনো
ছবি: এএফপি

‘এত কিছুর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, যে দিকটি আমরা ১০০ বছরের বেশি সময় ধরে মেনে আসছি, সেটি হলো ফুটবলের প্রাতিষ্ঠানিক ভারসাম্যের প্রতি সম্মান। ফুটবল পিরামিডকে সম্মান করা, যে পিরামিডে ফিফা সবার ওপরে, এরপর কনফেডারেশনগুলো, এরপর অ্যাসোসিয়েশন, এরপর লিগ, ক্লাব, খেলোয়াড়। ফুটবল এভাবেই গুছিয়ে নিয়েছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা এই সাংগঠনিক দিকটা ঠিক রাখি, সব ধরনের চ্যালেঞ্জ থেকে ফুটবলের এই মডেলকে রক্ষা করি’ - ইনফান্তিনোর আহ্বান।

অবশ্য ১০০ বছরের বেশি সময় ধরে চলে আসা সাংগঠনিক নিয়ন্ত্রণ ধরে রাখার আহ্বান জানানোর কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে ১০০ বছরের পুরোনো ঐতিহ্য নিয়ে প্রশ্ন তুললেন ইনফান্তিনো! কোন ঐতিহ্য? চার বছর পরপর বিশ্বকাপ!

দুই বছর পরপর বিশ্বকাপের ভাবনা কোন পর্যায়ে আছে, প্রশ্নে ফিফা সভাপতির বিশদ উত্তর তাঁর কনফারেন্সে বলা কথাগুলোর সঙ্গেই সাংঘর্ষিক, ‘আমরা তাড়াহুড়া করছি না। ক্যালেন্ডার তো ২০২৪ সাল পর্যন্ত তৈরি হয়েই গেছে। এখন আমরা যদি এক সপ্তাহের মধ্যে কোনো সমঝোতায় যেতে পারি, তাহলে অসাধারণ। এক বছর লাগলেও সমস্যা নেই। ১০০ বছর আগে কোনো এক জ্ঞানী মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বকাপ প্রতি চার বছর পর হবে। কিন্তু সময় বদলে যাচ্ছে। দেখা যাক, আমরা আরও ভালো কী করতে পারি!’

তাহলে ঘুরেফিরে তো সেই আগের জায়গাতেই!