ব্রাজিল ও পর্তুগালের খেলোয়াড় বসিয়ে রেখে শেখ রাসেলের জয়
গত কয়েক মৌসুম ধরেই শুরুর দিকে শেখ রাসেলের বিদেশি খেলোয়াড়দের নিয়ে খুব হাঁকডাক শোনা যায়। মোটা অঙ্কের বেতন দিয়ে অনেককে আনা হয়েছে বলে শোনা যায়। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেটার প্রতিফলন দেখা যায় না শেষ পর্যন্ত।
আজ তো দলে থাকা চার বিদেশির মধ্যে ব্রাজিলিয়ান এইলতন মাচাদো ও পর্তুগালের ইসমায়েল তাবারেজকে একাদশেই রাখেননি শেখ রাসেল কোচ সাইফুল বারী। বদলি হিসেবেও নামানোর প্রয়োজন মনে করেননি। দুই বিদেশিকে ছাড়াই তৃতীয় ম্যাচে এসে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে শেখ রাসেল, মুন্সিগঞ্জ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে হারিয়েছে ১-০ গোলে। পেনাল্টি থেকে গোল করে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন কিরগিজস্তানের ডিফেন্ডার আয়জার আকমাতভ।
এইলতন ও ইসমায়েল দুজনই ফরোয়ার্ড। আগের ম্যাচগুলোতে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছেন দুজন। প্রতিপক্ষ দলের পায়ে বল থাকলে নিজেদের রক্ষণভাগকেও সাহায্য করতে পারেন না। আজ তাঁদের জায়গায় সুযোগ পাওয়া স্থানীয় খেলোয়াড়েরা ‘টিম ডিফেন্ডিং’-এ ভালো ভূমিকা রেখেছেন। বিশেষ করে মিডফিল্ডার দিদারুল আলম তো ‘নাম্বার টেন’ পজিশনে দারুণ খেলেছেন। বল হারালে সাইফ যেন নিচ থেকে খেলাটা তৈরি না করতে পারে, সে ক্ষেত্রেও দারুণ ভূমিকা ছিল দিদারুলের।
সাইফের জন্য মুন্সিগঞ্জকে মনে হচ্ছিল ‘পয়া’ ভেন্যু। এখানে আগের দুটি ম্যাচেই জিতেছে তারা। তবে আজ ভালো খেলেও বিতর্কিত পেনাল্টিতে হেরেছে দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ৩৫ মিনিটে রিয়াদুল হাসানের সঙ্গে বল দখলের লড়াইয়ে বক্সের মধ্যে পড়ে যান মোহাম্মদ জুয়েল। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সাইফের খেলোয়াড়েরা পেনাল্টির সিদ্ধান্ত প্রতিবাদ জানালেও লাভ হয়নি। স্পট কিক বল জালে জড়িয়ে সুযোগটা কাজে লাগিয়েছেন আখমাতভ। পেনাল্টির জেরে ম্যাচ শেষেও রেফারিকে ঘিরে ধরেছিলেন সাইফের খেলোয়াড়েরা। ম্যাচ শেষে দর্শকদেরও দুয়ো ধ্বনি শুনতে হয়েছে রেফারিকে।
আগের দুই ম্যাচে ৪ গোল করা সাইফ ম্যাচে ফেরার অনেক সুযোগ তৈরি করেছে। শেষ ১৫ মিনিটেই পেয়েছে চারটি সুযোগ। ৭৫ মিনিটে গোলকিপার আশরাফুল রানার ভুলে সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন বদলি সাজ্জাদ হোসেন, কিন্তু বলই নিয়ন্ত্রণে নিতে পারলেন না।
শেষের দিকে আশরুর গফুরোভের ক্রসে গোলমুখের সামনে বলে পা ছোঁয়াতে পারেননি নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ওগবুগ। এমেকার ভুলের ক্ষোভটা বিলবোর্ডের ওপর লাথি মেরে ঝেড়েছেন গফুরোভ। একেবারে শেষের দিকে গোললাইন থেকে সেভ করে শেখ রাসেলকে বাঁচিয়েছেন সেন্টারব্যাক আসাদুজ্জামান বাবলু।
আপাতত ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে সাইফ, ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল।