মেসি 'অন্যগ্রহের' বলেই...

সময়টা ভালো যাচ্ছে না তঁাদের। সুসময় ফেরাতে আজ ভ্যালেন্সিয়ার সঙ্গে এমএসএনের হাসিই চাইবে বার্সেলোনা। কাল অনুশীলনে l এএফপি
সময়টা ভালো যাচ্ছে না তঁাদের। সুসময় ফেরাতে আজ ভ্যালেন্সিয়ার সঙ্গে এমএসএনের হাসিই চাইবে বার্সেলোনা। কাল অনুশীলনে l এএফপি

আর মাত্র সাতটি গোল দরকার লিওনেল মেসির। তা হলেই তাঁর মুকুটে আরেকটি সাফল্যের পালক যোগ হবে। এই সাত গোলে মেসি ছাড়িয়ে যাবেন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে—পৌঁছে যাবেন আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়দের তালিকার শীর্ষে।

গ্যাব্রিয়েল বাতিস্তুতা
গ্যাব্রিয়েল বাতিস্তুতা

বাতিস্তুতা কি এতে একটু দুঃখবোধে আক্রান্ত? দীর্ঘদিন আগলে রাখা রেকর্ড হাতছাড়া হলে কার না হওয়ার কথা! তবে একটি ব্যাপারে বেশ স্বস্তিতে আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার, রেকর্ডটা আর যে-ই ভাঙুক, পৃথিবীর কেউ তা ভাঙছে না! সাত গোল দূরে থাকা লিওনেল মেসি যে তাঁর চোখে অন্য গ্রহের ফুটবলার!
ডিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছিলেন বাতিস্তুতা। ১৯৯৬ সালে প্যারাগুয়ের বিপক্ষে গোল করে জায়গা করে নিয়েছিলেন সবার ওপরে। ব্যাপারটা এখনো অবিশ্বাস্য মনে হয় বাতিগোলের, ‘আমি একেবারেই বুঝতে পারিনি, কীভাবে ম্যারাডোনাকে পেছনে ফেললাম। একদিন ভোরে ঘুম থেকে উঠে দেখলাম, আমি সর্বোচ্চ গোলদাতার তালিকায় ম্যারাডোনাকে ছাড়িয়ে গিয়েছি।’
আকাশি-নীল জার্সিতে ৭৮ ম্যাচে ৫৬ গোল বাতিস্তুতার। বিশ্বকাপে দুটি হ্যাটট্রিকসহ (১৯৯৪ সালে গ্রিস ও ১৯৯৮ সালে জ্যামাইকার বিপক্ষে) তাঁর গোলসংখ্যা ১০। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি হারিয়ে ফেলার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বাতিস্তুতা বলেছেন, ‘নিজের রেকর্ড ভাঙতে দেখলে কার মনে দুঃখবোধ তৈরি হয় না, বলুন তো! তবে আমার একটা সান্ত্বনা আছে। আমার রেকর্ডটি এই গ্রহের কেউ ভাঙছে না!’
২০০৬ সালে খেলা ছাড়ার পর ফুটবলের সঙ্গে সেভাবে আর নিজেকে জড়াননি বাতিস্তুতা। কিছুদিন আগে নিজের পুরোনো ক্লাব ফিওরেন্টিনা থেকে কোচ হওয়ার প্রস্তাব পেলেও সম্মত হননি আর্জেন্টিনার সাবেক ‘নাম্বার নাইন’। কেন? বাতিস্তুতার উত্তরটা খুব মজার, ‘ফিওরেন্টিনায় আমি অনেক ভালোবাসা পেয়েছি। কোচ হয়ে সেটা হারানোর ঝুঁকি নিতে চাই না।’ তথ্যসূত্র: গোলডটকম।
আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোল
৫৬ গ্যাব্রিয়েল বাতিস্তুতা
৫০ লিওনেল মেসি
৩৫ হার্নান ক্রেসপো
৩৪ ডিয়েগো ম্যারাডোনা
২৯ সার্জিও আগুয়েরো