প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট
খুলনা পর্বের শুভ উদ্বোধন, মেয়েদের শুভকামনা জানালেন আফঈদা
খুলনা জেলা স্টেডিয়ামে আজ সকালে উৎসবের আমেজে শুরু হলো প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্ব। মাঠে নামা দলগুলোর তরুণী ফুটবলার, জাতীয় নারী দলের চেনা মুখ, স্থানীয় সংগঠক আর পৃষ্ঠপোষকদের অংশগ্রহণে গোটা স্টেডিয়াম যেন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আফঈদা খন্দকার নিজের আবেগ প্রকাশ করে বলেন, ‘এই মাঠ থেকে আমার উঠে আসা, তো এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর সামনে যারা আছে, (বিভিন্ন দলের খেলোয়াড়) তারা আজকে খেলবে, তারা যেন আরও ভালো খেলতে পারে, আমি এটাই চাই।’
তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করে আফঈদা আরও বলেন, ‘আমাদের এখান থেকে যেন তারা আরও ভালো করতে পারে এই দোয়া করি। সবাই ভালোভাবে খেলবে, ভালো করতে হবে, ভবিষ্যতে দেশের জন্য খেলতে হবে।’
টুর্নামেন্ট কমিটির সদস্য প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম। ফুটবলে খুলনার অতীত ও বর্তমান আধিপত্যের কথা স্মরণ করেন।
খুলনা থেকে আফঈদার মতো খেলোয়াড়ের জাতীয় দলে উঠে আসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা ভালো খেলবে এবং বাংলাদেশ দলে খুলনার আফঈদার মতো আরও মেয়েরা সুযোগ পাবে এই আশা করি।’
খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর কণ্ঠে ছিল এমন আয়োজনের প্রশংসা, ‘ফুটবল মানুষের প্রাণের খেলা। খুলনায় এই প্রথম কোনো নারী ফুটবলের এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, যা আগে হয়নি।’
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলামের বলেন, ‘আশা করি আগামী দিনেও খুলনায় এমন আয়োজন অব্যাহত থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় খুলনার মেয়ে শারমিন রুপা, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহ আসিফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সদস্য মিজানুর রহমান, ওয়াহিদুর রহমান, একরামুল কবির, রেজানুল ইসলাম, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল প্রমুখ।
বক্তব্য পর্ব শেষে স্থানীয় সংগঠক ও অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের খুলনা পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উল্লেখ্য, খুলনা অঞ্চল থেকে দুটি দল ঢাকার চূড়ান্ত পর্বে (কোয়ার্টার ফাইনাল) খেলার সুযোগ পাবে। আজ প্রথম দিনের প্রথম ম্যাচে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ৩–১ গোলে হারায় সাতক্ষীরার রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে। বেলা তিনটায় অনুষ্ঠিত হবে আঞ্চলিক ফাইনাল, যেখানে প্রথম ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে কুষ্টিয়া ফুটবল একাডেমির।