রোনালদো অবসর নেওয়ায় কোনো অপরাধবোধ নেই পর্তুগাল কোচ জেসুসের

পর্তুগালকে বিদায় বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ায় পর্তুগাল কোচ জর্জ জেসুসের মনে তিল পরিমাণ অপরাধবোধ নেই। তাঁর দাবি, দলের কথা মাথায় রেখে তিনি সব সিদ্ধান্ত নিয়েছেন।

রোনালদো জাতীয় দল থেকে অবসর নেন গত বৃহস্পতিবার। অনেকের মতেই, ৪১ বছর বয়সী এই কিংবদন্তির পর্তুগাল দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূমিকা রেখেছে জেসুসের সঙ্গে তাঁর বিরোধ।

রোনালদো অবসরের সিদ্ধান্ত জানানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেসুস বলেছিলেন, ‘এটা সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত। আমি তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছি...সিদ্ধান্তটা আমাকে মেনে নিতে হবে।’

পরদিন অর্থাৎ গতকাল শুক্রবার নেশনস লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্কোয়াড ঘোষণায়ও রোনালদোকে নিয়ে কথা বলেন জেসুস। জাতীয় দল অধিনায়কের অবসরের সিদ্ধান্তে অপরাধবোধে ভোগা দূরের কথা, উল্টো জেসুস আরও জানালেন, তিনি রোনালদোর কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করেননি। এবারের নেশনস লিগের দলেও তিনি রোনালদোকে রাখতেন বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ জর্জ জেসুস
এএফপি

সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ‘হয়তো আমি একটু তাড়াহুড়ো করেছি, তবে আমার কারণে (রোনালদোর অবসর) নয়। (দলে) বেশি ডাক পাওয়া বা কম ডাক পাওয়ার ব্যাপারটি আগেই তার (রোনালদোর) মাথায় ছিল। আমাদের কয়েকবার কথাও হয়েছে এ নিয়ে। তার চলে যাওয়ায় আমার কোনো প্রকার অপরাধবোধ নেই। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’

রোনালদোর জাতীয় দলে ফেরার আশায় ছিলেন, এ কথা জানিয়ে জেসুস বলেন, ‘অবশ্যই আমি ভেবেছিলাম সে ফিরে আসবে, অবশ্যই আমি ভেবেছিলাম তাকে দলে ডাকব, তার সঙ্গে কথা বলব—কিন্তু তার সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় দল ছেড়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।’

আরও পড়ুন

জেসুসের সঙ্গে বিরোধের জের ধরে গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। নরওয়ের বিপক্ষে নেশনস লিগ ম্যাচে একাদশে তো ছিলেনই না, বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ হয়নি। ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও একাদশে জায়গা পাবেন না জানার পর কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। জেসুসের বিরুদ্ধে তখন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এ ফুটবলার।

আল নাসরেও রোনালদোর কোচ ছিলেন জর্জ জেসুস।
এএফপি

তখন সংবাদমাধ্যমে সাড়া ফেলে দেওয়া এ ঘটনায় একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল, জেসুস বুঝিয়ে দিয়েছেন জাতীয় দলে রোনালদো আর ‘অটামেটিক চয়েস’ নন। রোনালদো পরবর্তী সময়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। নিজের শাস্তিও দাবি করেন এবং তারপর পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাঁকে সাময়িক নিষিদ্ধ করে। এ সাজার মেয়াদ পূরণ করেই নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে রোনালদোকে আবারও পর্তুগাল স্কোয়াডে দেখার অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা।
কিন্তু তার আগেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন রোনালদো। পুরো ঘটনা নিয়ে জেসুস আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘দলের কথা মাথায় রেখেই আমি সব সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন

পর্তুগাল দলের হয়ে ইউরো ও নেশনস লিগজয়ী এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। জাতীয় দলে তাঁর অবদান ও অর্জনকে সম্মানও জানান জেসুস, ‘পর্তুগালের জন্য সে যা করেছে, দেশের জন্য তাঁর অবদান কিংবা তরুণ খেলোয়াড়দের কাছে সে যে আদর্শ—এই বিষয়গুলো আমরা কখনো এড়িয়ে যেতে পারি না।’

রোনালদোর প্রশংসাও করেছেন জেসুস
রয়টার্স

নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগাল ১৪ নভেম্বর শনিবার রাতে ব্রাগায় ডেনমার্ককে আতিথ্য দেবে। ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে কার্ডিফে তাঁদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েলস। দুটোই গ্রুপ পর্বের ম্যাচ। রোনালদো অবসর নেওয়ার পর এই প্রথম তাঁকে ছাড়াই মাঠে নামবে পর্তুগাল।

কোচ জেসুস প্রথমবারের মতো দলে ডেকেছেন সিরি ‘আ’তে বর্তমানে সর্বোচ্চ গোলদাতা এবং মনজা স্ট্রাইকার গুস্তাভো ভ্যারেলা ও পোর্তো রাইটব্যাক আলবার্তো কস্তাকে। চোটের কারণে দলে জায়গা হয়নি নুনো মেন্দেজ এবং ফ্রান্সিসকো কনসেইকাওয়ের। দলে ফিরেছেন অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ রদ্রিগো মোরা।