পয়েন্ট হারাল কিংস ও ফর্টিস, আবাহনীর জয়
বাংলাদেশ ফুটবল লিগের ১৩তম রাউন্ডে আজ মিশ্র অভিজ্ঞতার দিন পার করেছে শীর্ষ দলগুলো। টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী বসুন্ধরা কিংস রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে, টেবিলের দ্বিতীয় দল ফর্টিস এফসি আরামবাগের বিপক্ষে ১০ জনের দল নিয়ে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে।
তবে দিনটি উজ্জ্বল ছিল আবাহনী লিমিটেডের। পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। দিনের অন্য ম্যাচে মোহামেডান ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনসকে।
মুন্সিগঞ্জে শাহরিয়ার ইমনের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল কিংস। তবে প্রথমার্ধেই সেই গোল শোধ করে দেয় রহমতগঞ্জ। বক্সের ভেতর থেকে হেডে গোলটি করেন আর্নেস্ট বোয়াটেং। দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করেও আর জালের দেখা পায়নি কিংস। ফলে তাদের জয়ের ধারায় ছেদ পড়েছে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় গোলের দেখা পায়নি ফর্টিস ও আরামবাগের কেউই। লিগ লড়াইয়ে টিকে থাকতে জয়ের খুব দরকার ছিল ফর্টিসের। কিন্তু আরামবাগের হার না মানা রক্ষণের সামনে বারবার খেই হারিয়েছে তারা। ম্যাচের ৫৮ মিনিটে ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড ও অধিনায়ক পা ওমর বাবুকে পেছন থেকে গুরুতর ফাউল করেন আরামবাগের আমির হাকিম। রেফারি হাকিমকে হলুদ কার্ড দেখালেও মেজাজ হারান পা ওমর। উঠে দাঁড়িয়ে হাকিমের গলা ধরে ধাক্কা মারলে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলে ড্র করাটাই তখন ফর্টিসের জন্য স্বস্তির হয়ে দাঁড়ায়।
গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে শুরুতেই আবাহনীকে এগিয়ে নেন এমেকা ওগবোগ। পুলিশের বাবলু প্রথমার্ধেই সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আল আমিনের গোলে আবারও লিড নেয় আকাশি-নীলেরা। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন শেখ মোরছালিন। শেষ দিকে দাপট ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
কুমিল্লায় মোহামেডানের জয়টা এসেছে অনায়াসেই। আগের ম্যাচে আবাহনীর কাছে হারের পর কোচ আলফাজ আহমেদকে সরিয়ে দেয় মোহামেডান কর্তৃপক্ষ। মৌসুমের বাকি সময়ের জন্য দায়িত্ব পান সহকারী কোচ আবদুল কাইয়ুম সেন্টু। তাঁর অধীনেই সহজ জয়ে ঘুরে দাঁড়িয়েছে সাদা-কালোরা। লিগে এটি মোহামেডানের তৃতীয় জয়।
১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কিংস। এরপরই আছে আবাহনী ও ফর্টিস, সমান ম্যাচে দুই দলেরই পয়েন্ট ২৫ করে। ১৩ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডান আপাতত ছয় নম্বরে।