রোনান সুলিভান নিয়েই সাফের দল ঘোষণা বাংলাদেশের

দলে সুযোগ পেয়েছেন রোনান সুলিভানফেসবুক

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া দুই ফুটবলার রোনান সুলিভান ও মাহি খান।

সিনিয়র পর্যায়ে না খেললেও মাহি এবং রোনান খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলে। মাহি বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের লিগ মলটন এফসির হয়ে খেলছেন।

রোনান যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবলে খেলছেন। গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন রোনান। সেই টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেই জাতীয় দলের কোচ টমাস ডুলির নজর কেড়েছেন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোনানের আরেক ভাই ডেক্লান সুলিভানও খেলেছিলেন, তিনি সাফের দলে সুযোগ পাননি।

দলে ফিরেছেন দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। গত ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে তাঁরা ছিলেন না। চোটের কারণে আসিয়ান কাপে খেলতে না পারা ফরোয়ার্ড ফয়সাল আহমেদও আছেন সাফের প্রাথমিক দলে।

তবে আসিয়ান কাপের চূড়ান্ত দলে থাকলেও সাফের প্রাথমিক দলে জায়গা হয়নি শাকিল আহাদ, মঞ্জুরুর রহমান ও শাহরিয়ার ইমনের। ২৮ সদস্যের দলের বাইরে অনুশীলনের জন্য রাখা হয়েছে দুই গোলকিপার মোহাম্মদ আসিফ ও ইসহাক আকন্দকে।

আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে
বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ছয় দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দক্ষিণ এশিয়ার ফুটবল–শ্রেষ্ঠত্বের লড়াই।

আরও পড়ুন

বাংলাদেশের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান।

ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ।

মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।

ফরোয়ার্ড: ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান ও শুকি ইতোফুসা।