খেলতে চেয়েছিলেন কোর্তোয়া, কোচ উঠিয়ে নেওয়ার পরই সর্বনাশ
মাঠ ছাড়ার সময় কেঁদেই দিয়েছিলেন থিবো কোর্তোয়া।
বয়স ৩৪ বছর, নকআউট ম্যাচ বলে হারলেই বিদায়—এমন সমীকরণে হয়তো বিশ্বকাপ মঞ্চে নিজের শেষ মুহূর্তটাই অনুভব করছিলেন বেলজিয়াম গোলকিপার। লস অ্যাঞ্জেলেসে স্পেনের বিপক্ষে ম্যাচটি আসলেই বিশ্বকাপে তাঁর সর্বশেষ হয়ে উঠবে কি না, তা সময়ই বলবে। তবে এবারের মতো বিশ্বকাপ শেষ হয়ে গেছে কোর্তোয়া ও তাঁর দলের। আর তাতে বড় ভূমিকা হয়তো তাঁর ওই মাঠ ছেড়ে যাওয়ারই।
কোর্তোয়াকে তুলে নিয়ে বদলি গোলকিপার নামিয়েছিলেন বেলজিয়াম কোচ। আর সেই গোলকিপারের ভুলেই দ্বিতীয় গোল হজম করে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে বেলজিয়াম। ম্যাচ শেষে কোর্তোয়া জানান, তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কোচ রুডি গার্সিয়া তাঁকে মাঠে রাখতে রাজি ছিলেন না।
ম্যাচ শেষে কোর্তোয়া জানান, দ্বিতীয়ার্ধের শুরুতে একটি লং কিক নেওয়ার সময় ঊরুর সামনের পেশিতে ব্যথা অনুভব করেছিলেন। এরপর কয়েকটি সেভ করলেও আবার লং কিক নেওয়ার সময় ব্যথা বাড়ে। তবে তাঁর বিশ্বাস ছিল, অন্তত আরও কিছুক্ষণ খেলা চালিয়ে যেতে পারতেন, ‘ঊরুর সামনের পেশিতে অনেক ব্যথা ছিল। কিন্তু গোলপোস্টে দাঁড়িয়ে থাকতে আমার কোনো সমস্যা ছিল না, শুধু লং কিক নিতে সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত কোচই আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
অবশ্য তাতে যে কোর্তোয়া বেশ অসন্তুষ্ট, তা নয়। বরং দলের স্বার্থ সবার আগে বলে মনে করেন তিনি। তাঁকে তুলে নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল বেলজিয়াম কোচ রুডি গার্সিয়াকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই আমার ভাবনা ছিল শতভাগ ফিট নয়, এমন খেলোয়াড়কে মাঠে না রাখা। আজ কোর্তোয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে।’
কিন্তু বাস্তবতা হচ্ছে কোর্তোয়ার বদলি নামা গোলকিপারই পরে হারের কারণ হয়েছেন। ২৪ বছর বয়সী গোলকিপার সেনে লামেন্সের বিশ্বকাপে প্রথম ম্যাচ ছিল এটি। ৮৮তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলকিপার পাউ কুবারসির শট ঠিকঠাক গ্রিপ করতে না পারায় নাগালে পেয়ে যান মিকেল মেরিনো, যেখান থেকে গোল করতে ভুল করেননি এই স্প্যানিশ মিডফিল্ডার।
তবে ম্যাচ শেষে বদলি গোলকিপারের পাশে দাঁড়িয়েছেন কোর্তোয়া, ‘(খেলা শেষে) আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরেছি। ওই মুহূর্তে এর বেশি কিছু করার ছিল না। সে দারুণ একজন গোলকিপার। এই অভিজ্ঞতা থেকে সে আরও শক্ত হয়ে ফিরবে।’
অভিজ্ঞতাটা বড্ড কঠিনই হলো লামেন্সের জন্য। দল বিদায় নিয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
বিরতি নিচ্ছেন কোর্তোয়া
পরের বিশ্বকাপে খেলবেন কি না, আপাতত অজানা। তবে আগামী এক বছর বেলজিয়াম দল থেকে বিশ্রাম নিতে চান কোর্তোয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এক বছর বেলজিয়ামের হয়ে কোনো ম্যাচ খেলতে চাই না। এরপর ইউরো বাছাইপর্ব এবং ২০২৮ ইউরোতে খেলতে চাই। বেলজিয়াম এ ব্যাপারে রাজি হবে কি না, জানি না।’
কোর্তোয়ার এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে কোচ গার্সিয়া বলেন, তিনি বা তাঁর দলের খেলোয়াড়েরা এ বিষয়ে অবগত নন।