ক্রোয়েশিয়ার বিপক্ষে যেভাবে একাদশ সাজাতে পারে ব্রাজিল

দল হিসেবেই পারফর্ম করছে ব্রাজিলছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর পর ফুরফুরে মেজাজে আছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তিতের দল। তবে এ ম্যাচের আগে ব্রাজিল দলে দুশ্চিন্তা আলেক্স সান্দ্রোর চোট নিয়ে।

গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে মাংশপেশিতে চোট পান সান্দ্রো। ৮৬ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলেও নেওয়া হয়। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে জানান, কোয়ার্টার ফাইনালে সান্দ্রোর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন
কোন একাদশ খেলাবেন ব্রাজিল কোচ তিতে?
ছবি: রয়টার্স

ক্রোয়েশিয়ার বিপক্ষে শুধু সান্দ্রোর পজিশনে বিকল্প নিয়েই সমস্যায় পড়েছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোয় দানিলোকে দিয়ে এর সমাধান বের করেন তিতে। রক্ষণে এদের মিলিতাওকে ডান প্রান্তে রেখে দানিলোকে খেলিয়েছেন বাঁ প্রান্তে। ক্রোয়েশিয়ার বিপক্ষেও তিতে একই কৌশল বেছে নেবেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম। তবে সান্দ্রো কালও দলের সঙ্গে অনুশীলন করেন।

সংবাদমাধ্যম গ্লোবো ও ল্যান্স জানিয়েছে, ব্রাজিলের অনুশীলনে সান্দ্রোর মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। তবে তিতে সংবাদ সম্মেলনে জানান, নেইমার ও দানিলোর চোটের সঙ্গে সান্দ্রোর চোটের পার্থক্য আছে। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমার ও দানিলো চোট পেলেও শেষ ষোলোয় মাঠে ফিরেছেন। সান্দ্রো নাকি এখনো চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।

আরও পড়ুন

মিলিতাও ও দানিলোকে রাইটব্যাক ও লেফটব্যাক হিসেবে রেখে মাঝে থিয়াগো সিলভা আর মারকিনিওসকে দিয়ে রক্ষণভাগ সাজাবেন ব্রাজিল কোচ তিতে। মাঝমাঠ ও আক্রমণভাগ যথারীতি একই থাকবে।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাসেমিরো এবং তাঁর সঙ্গে থাকবেন লুকাস পাকেতা। আর আক্রমণভাগে থাকবেন পরিচিত ‘চতুষ্টয়’—নেইমার, ভিনিয়ুস, রাফিনিয়া ও রিচার্লিসন। ব্রাজিলিয়ান আক্রমণভাগের ফলায় থাকবেন রিচার্লিসন। বাঁ উইংয়ে ভিনিসিয়ুস, ডান উইংয়ে রাফিনিয়া এবং তাদের মাঝে নেইমার। গোটা দলের আক্রমণকে এক সুতায় গাঁথবেন নেইমার।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

গোলকিপার: আলিসন।
রক্ষণ: দানিলো, থিয়াগো সিলভা, মারকিনিওস, এদের মিলিতাও।
মিডফিল্ডার: কাসেমিরো, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস, রাফিনিয়া, রিচার্লিসন।