স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে ৩২ ম্যাচ শেষে বার্সা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ধরে রাখল শীর্ষস্থান। তবে স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি হান্সি ফ্লিকের দল। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বার্সা তারকা লামিনে ইয়ামাল।
ক্যাম্প ন্যুতে ম্যাচের ৩৯ মিনিটে সেল্তার বক্সে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। ইয়ামাল বাঁ পায়ের শটে স্পটকিক থেকে গোল করার পর মাঠেই শুয়ে পড়েন। বোঝা যাচ্ছিল, বাঁ পায়ে অস্বস্তি অনুভব করছেন। বিরতির আগেই বার্সার মেডিকেল দলের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ইয়ামাল। বদলি হিসেবে কেউ নামার আগেই চিকিৎসার জন্য সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যেতে দেখা যায় তাঁকে।
ইএসপিএনকে ক্লাবের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণ দেখে মনে হয়েছে ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর এবং তাঁকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবারের (আজ) স্ক্যান রিপোর্টের পর। সাধারণত ফোলা না কমা পর্যন্ত এই স্ক্যান করা যায় না।
চোট গুরুতর হলে বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যেতে পারেন ইয়ামাল। সে ক্ষেত্রে শঙ্কায় পড়তে পারে স্পেনও। বিশ্বকাপ শুরু হতে যে ৫০ দিনেরও কম সময় বাকি। এবার ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইয়ামালই যে স্পেনের মূল তারকা। ১৫ জুন কেপ ভার্দের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।
বার্সার জয়ের পর ইয়ামালের চোট নিয়ে কোচ ফ্লিক বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখতে হবে। কোনো একটা সমস্যা অবশ্যই হয়েছে, কারণ, সে ব্যথা অনুভব করছিল। গোল করার পর কোনো কারণ ছাড়া সে মাঠ ছাড়ার ছেলে নয়।’ ফ্লিক যোগ করেন, ‘নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আশা করছি চোট খুব একটা গুরুতর হবে না, তবে বিস্তারিত জানতে আমাদের আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করতেই হবে।’
সতীর্থের চোট নিয়ে বার্সার মিডফিল্ডার পেদ্রি বলেন, ‘আশা করি লামিনকে মাত্র কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ওর জন্য অনেক শুভকামনা রইল। ওকে এখন শান্ত থাকতে হবে; যেহেতু ও এখনো তরুণ, তাই দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে ইয়ামালকে এই মুহূর্তে হারানো বার্সার জন্য বড় ক্ষতি। ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। দুই দলেরই হাতে আছে আর ৬টি করে ম্যাচ। আগামী ১০ মে ক্যাম্প ন্যুতে মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’–তে মুখোমুখি হবে বার্সা ও রিয়াল।
চলতি মৌসুমে চোটের কারণে খুব একটা মাঠের বাইরে থাকতে হয়নি ইয়ামালকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৪৫ ম্যাচে ২৪ গোল করেছেন এ উইঙ্গার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল।