ব্রাজিলের পর উরুগুয়ে, টিকিটের দাম ৯০ শতাংশ কমাল ভারত
ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের ম্যাচ, মাঠে ভিনিসিয়ুস জুনিয়র, মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের মতো তারকা—তারপরও গ্যালারি ভরেনি।
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গত ৩ অক্টোবর ভারত–ব্রাজিল ম্যাচে ৮৫ হাজার আসনের মধ্যে দর্শক হয়েছিল ৫১ হাজারের কিছু বেশি। প্রায় ৩৪ হাজার আসন ছিল খালি। সেই অভিজ্ঞতার পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে টিকিটের দাম বড় ব্যবধানে কমিয়েছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।
আগামীকাল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে খেলবে উরুগুয়ে। এই ম্যাচের সি২ ব্লকের বাঁ ও ডান পাশের টিকিটের দাম ১ হাজার ৯৯৯ রুপি থেকে কমিয়ে ১৯৯ রুপি করা হয়েছে। অর্থাৎ আগের দামের চেয়ে ৯০ শতাংশ কমে যাচ্ছে পাওয়া যাচ্ছে টিকিট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে।
উরুগুয়ে দল কলকাতায় পৌঁছেছে গত ৩০ সেপ্টেম্বর। দলটির সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কলকাতা ঘুরেছে ডিয়েগো ফোরলানের দল। রোববার সেন্ট পলস ক্যাথিড্রাল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে ইডেন গার্ডেনেও যায় তারা। সেখানে ব্যাট–বল নিয়ে ক্রিকেট খেলতেও দেখা গেছে লুকাস তোরেরা ও দারউইন নুনিয়েজকে।
এদিকে গত ডিসেম্বরে লিওনেল মেসিকে দেখতে টিকিট কাটা দর্শকদের একটি অংশকে উরুগুয়ে ম্যাচের টিকিট বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেদিন মেসি মাঠে ঢোকার পরেই বিশৃঙ্খলা শুরু হয়। বিরক্ত মেসি মাঠ ছেড়ে যাওয়ার পর দর্শক গ্যালারিতে ভাঙচুর চালিয়ে মাঠে ঢুকে পড়েন। যেসব দর্শক মেসির ‘দ্য গোট ট্যুরের’ টিকিট দেখাতে পারবেন, তাঁদের দেওয়া হবে উরুগুয়ে ম্যাচের টিকিট।