৫৯ বছর বয়সে গোল, নতুন রেকর্ড কাজুইউশি মিউরার
৫৯ বছর ১৪৯ দিন।
এখনো থামার লক্ষণ নেই কাজুইউশি মিউরার। বরং প্রতিনিয়ত লিখছেন নতুন ইতিহাস। এবার এমপেরর’স কাপে জোড়া গোল করে রেকর্ড গড়েছেন জাপানের এই কিংবদন্তি।
৫৯ বছর বয়সে এমপেরর’স কাপে গোল করে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হয়েছেন তিনি। প্রতিযোগিতামূলক ম্যাচে এটিই সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড।
বর্তমানে পেশাদার ফুটবলে নিজের ৪২তম মৌসুম খেলছেন মিউরা। বুধবার ফুকুশিমা ইউনাইটেডের হয়ে ওয়ামা সকার ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। দুটিই এসেছে পেনাল্টি থেকে।
মিউরার জোড়া গোলে ৭-০ ব্যবধানে বড় জয় পেয়েছে ফুকুশিমা। এমপেরর’স কাপের প্রথম রাউন্ডও পেরিয়ে গেছে তাঁর দল।
মিউরার আগে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড ছিল জাপানের সাবেক মিডফিল্ডার শিনজি ওনোর দখলে। ৪১ বছর বয়সে এমপেরর’স কাপে গোল করেছিলেন তিনি। এবার ৫৯ বছর বয়সে গোল করে সেই রেকর্ড ভেঙে দিলেন মিউরা।
গত মাসেও প্রতিযোগিতাটির বাছাইপর্বে গোল করেছিলেন মিউরা। সেটি ছিল প্রায় চার বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁর প্রথম গোল। এবার গোল পেলেন মূল পর্বে।
রেকর্ড গড়ার পর মিউরা জানিয়েছেন, নিয়মিত অনুশীলনই তার সাফল্যের রহস্য। বিশেষ করে পেনাল্টির অনুশীলন তিনি নিয়মিত করেন। তিনি বলেছেন এভাবে, ‘কখন সুযোগ আসবে, কেউ জানে না। তাই আমি সব সময় পেনাল্টির অনুশীলন করি। কাজে লাগায় ভালো লাগছে।’
১৯৬৭ সালের ফেব্রুয়ারিতে জাপানের শিজুওকায় জন্ম মিউরার। কিশোর বয়সেই ফুটবল খেলতে ব্রাজিলে পাড়ি জমান তিনি। ১৯৮৬ সালে সান্তোসের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক।
ব্রাজিলে পরবর্তী চার বছরে পালমেইরাস, মাতসুবারা, সিআরবি, এক্সভি দে জাউ ও কোরিতিবার হয়ে খেলেছেন তিনি।
১৯৯০ সালে জাপানে ফিরে ভার্দি কাওয়াসাকিতে যোগ দেন মিউরা। ক্লাবটির হয়ে ১৯৭ ম্যাচে করেন ১১৮ গোল। ইউরোপেও খেলেছেন এই জাপানি তারকা। ইতালির সিরি ‘আ’তে জেনোয়ার হয়ে মাঠে নেমেছেন। পরে ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবেও খেলেছেন।
এরপর জাপানের কিয়োটো পার্পল সাঙ্গা ও ভিসেল কোবের হয়ে খেলেন তিনি। ২০০৫ সালে ৩৮ বছর বয়সে যোগ দেন ইয়োকোহামা এফসিতে।
অবিশ্বাস্য হলেও সত্যি, ২১ বছর পরও ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। এ সময়ে ধারে অস্ট্রেলিয়ার সিডনি এফসি, সুজুকা পয়েন্ট গেটার্স, পর্তুগালের অলিভেইরেন্স, আতলেতিকো সুজুকা এবং এখন ফুকুশিমা ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি।
জাপান জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন মিউরা। ১৯৯০ থেকে ২০০০—এই সময়ের মধ্যে ৮৯ ম্যাচে করেছেন ৫৫ গোল। ২০১২ সালে জাপানের হয়ে ফুটসাল বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন।
এখন ফুকুশিমার সামনে এমপেরর’স কাপের দ্বিতীয় রাউন্ড। পাশাপাশি জে৩ লিগের পয়েন্ট তালিকায়ও আরও ওপরে ওঠার লক্ষ্য দলটির।
এই বয়সেও মিউরার অনুশীলন ও পরিশ্রম দলের তরুণদের জন্য বড় অনুপ্রেরণা। সামনে পুরো মৌসুমে ফিট থেকে আরও ম্যাচ খেলা এবং গোলসংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এগোবেন ৫৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।