ফ্রান্স কোচ বললেন, স্পেনই ফেবারিট

ফ্রান্স কোচ দিদিয়ের দেশমএএফপি

মাইন্ড গেম? নয়তো কী! এবারের বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় এখন পর্যন্ত ফ্রান্সকেই সেরা দল বলতে হবে। প্রতিপক্ষ যে দলই হোক না কেন, ম্যাচের আগে ফেবারিট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফরাসিরাই। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম মনে করছেন, প্রথম সেমিফাইনালে স্পেনই বরং ফেবারিট। ফরাসিরা নাকি এই ম্যাচে আন্ডারডগ!

কথাটি দেশম বলেছেন সেমিফাইনাল–পূর্ব সংবাদ সম্মেলনে। তাঁর মতে, স্পেনের আক্রমণ ও রক্ষণ—দুটিই বেশ ভালো। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও এরপর ধীরে ধীরে টুর্নামেন্টে ছন্দ খুঁজে পেয়েছে স্পেন। তা ছাড়া ফ্রান্স সর্বশেষ দুই দেখায় স্পেনের কাছে হেরেছেও।

এসব কারণেই নাকি স্পেন এই ম্যাচে এগিয়ে থেকে মাঠে নামবে, ‘কেপ ভার্দের বিপক্ষে ওদের প্রথম ম্যাচটি ভুলে যান। এর পর থেকে প্রতিটি ম্যাচে স্পেন প্রমাণ করেছে যে তারাই টুর্নামেন্টের ফেবারিট। আমি অবশ্য লুইসের (স্প্যানিশ কোচ) ওপর বাড়তি কোনো চাপ তৈরি করতে চাই না। সে খুব ভালো করেই জানে যে মানুষ এই দলকে নিয়ে কতটা প্রত্যাশা করে আছে।’

স্পেন ফুটবল দল
রয়টার্স

স্পেনের ভারসাম্যপূর্ণ ফুটবল নিয়ে ফরাসি কোচ আরও বলেন, ‘স্পেন যেমন দারুণ আক্রমণ করতে পারে, তেমনি ওদের রক্ষণভাগও চমৎকার। গত ৬ বা ৭ ম্যাচে ওরা মাত্র ১টি গোল হজম করেছে।’

আরও পড়ুন

স্পেন কোচ অবশ্য ফেবারিট তকমা গায়ে লাগাচ্ছেন না। তিনি বরং দেশমের মন্তব্যের কথা জেনে সংবাদ সম্মেলনে হেসেছেন।

ফেবারিট তত্ত্ব উড়িয়ে দিয়ে লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, মানুষ আমাদের ফেবারিট বলল কি বলল না, তাতে কিছুই যায়–আসে না। এটি মাঠের খেলায় কোনো প্রভাব ফেলে না। আমরা দুটি দুর্দান্ত দল একে অপরের মুখোমুখি হচ্ছি, ঠিক যেমন অন্য সেমিফাইনালেও দুটি বড় দল লড়বে।’

অধিনায়ক এমবাপ্পে এখন সম্পূর্ণ সুস্থ
রয়টার্স

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাঁর চোট নিয়ে ফরাসি সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তবে সেমিফাইনালের মহারণের আগে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন দেশম। তিনি নিশ্চিত করেছেন, অধিনায়ক এমবাপ্পে এখন সম্পূর্ণ সুস্থ এবং স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালে খেলার জন্য শতভাগ ফিট।

আরও পড়ুন